ময়মনসিংহের ভালুকায় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় সালমা আক্তার (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে সেবা ক্লিনিকে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শ্বাসকষ্ট থাকায় রোগীর মৃত্যু হয়েছে। নিহত সালমা আক্তার উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নলুয়াকুড়ি গ্রামের মোস্তফা মিয়া স্ত্রী।
স্বজনরা জানান, অন্তঃসত্ত্বা সালমাকে শুক্রবার ভালুকা উপজেলা পরিষদের সামনে শহীদ নাজিম উদ্দীন রোডে অবস্থিত ওই ক্লিনিকে ভর্তি করেন তার স্বামী মোস্তফা মিয়া। ওই দিনই সন্ধ্যা সাড়ে ৭টায় ডা. আক্তার জাহান সালমার সিজারিয়ান অপারেশন করেন এবং একটি ছেলে সন্তানের জন্ম হয়। পরে তার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে পরিবারের পক্ষ হতে এক ব্যাগ রক্ত দেয়া হয়। রক্ত বন্ধ না হওয়ায় ওই ক্লিনিকে শনিবার রাতে সালমার মৃত্যু হয়।
এ ব্যাপারে সেবা ক্লিনিকের মালিক লুত্ফর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়
ওই রোগীর সিজার করেছেন ডা. আক্তার জাহান। রোগীর শ্বাসকষ্ট ছিল। উন্নত
চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য রোগীর অভিভাবককে জানানো হলেও তারা ময়মনসিংহে নিয়ে যাননি।