কুমিল্লায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাহবুব এলাহী নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গত রোববার রাতে তার মৃত্যু হয়। এদিকে গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
জানা গেছে, মাহবুব এলাহী ঢাকায় সোনালী ব্যাংকের একটি শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের মৌলভীপাড়া এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা কায়জার আহমেদের ছেলে। রোববার রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে ‘বিবেক’
নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গতকাল
তার বাড়িতে গিয়ে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করেন।
কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, জেলায় গতকাল পর্যন্ত করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩০৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ জন। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় একজন, আদর্শ সদরে দুজন, চান্দিনায় দুজন, দাউদকান্দিতে তিনজন, সদর দক্ষিণে একজন, লাকসামে সাতজন, নাঙ্গলকোটে চারজন, বুড়িচংয়ে একজন ও কুমিল্লা মেডিকেল কলেজের চারজন রোগী আছেন। এ সময়ে সুস্থ হয়েছেন চারজন।