মার্চের লকডাউনের পর অবশেষে মল ও বিপণিবিতান খুলেছে থাইল্যান্ড। নতুন করে ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে আসায় দ্বিতীয় দফায় দেশটিতে বিধিনিষেধ শিথিল করার প্রক্রিয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর রয়টার্স।
থাইল্যান্ডের শীর্ষ মল অপারেটর সেন্ট্রাল পাট্টানা পিএলসি জানিয়েছে, তারা দেশজুড়ে তাদের ৩৩টি শপিং সেন্টার খুলতে যাচ্ছে। তবে এক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি এড়াতে শপিং সেন্টারগুলোয় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি জনের জন্য বরাদ্দ থাকবে ৫৪ বর্গফুট জায়গা। এর মধ্য দিয়ে শপিংমলে ভিড় কিংবা মানুষের ঘনত্ব নিয়ন্ত্রণ করা যাবে। তাছাড়া প্রবেশের আগে পরিমাপ করা হবে সবার শরীরের তাপমাত্রা।
এদিকে গতকালই মধ্য ব্যাংককের আইকনসিয়াম মলের সামনে দেখা গেছে আগ্রহী ক্রেতাদের ভিড়। তারা ভেতরে প্রবেশের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ক্রেতাদের একটি কিউআর কোড স্ক্যান করে সরকারি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে বলা হয়। ৬৫ বছর বয়সী এক ক্রেতা বলেন, আমি আজকে জাপানি খাবার খেতে চাই। গত তিন-চার মাস আমি আমার প্রিয় এ খাবার খেতে
পারিনি। তবে আমার মতো বয়স্ক মানুষের জন্য কিউআর কোড রেজিস্ট্রেশন প্রক্রিয়া বেশ জটিল মনে হয়েছে। তাছাড়া প্রবেশের সময় ক্রেতাদের পায়ে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। একই সঙ্গে আরেকটি স্থানে দেয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার।
গতকাল থাইল্যান্ডে নতুন করে নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে মাত্র তিনজন। মূলত দেশটিতে এখন ভাইরাসে আক্রান্তের সংখ্যা একেবারেই কমতির দিকে। সব মিলিয়ে থাইল্যান্ডে কভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ হাজার ২৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ৮৫৬ ও মারা গেছে ৫৬ জন।