ভারতে ক্রমে বেড়ে যাচ্ছে নভেল করোনাভাইরাস সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে লকডাউনও। চতুর্থ দফার লকডাউনের দিকে এগোচ্ছে দেশ। দুই মাস ধরে দেশের অর্থনীতি প্রায় থমকে দাঁড়িয়েছে। বন্ধ বেশির ভাগ ব্যবসা-বাণিজ্য ও অফিস-আদালত। অর্থনৈতিক কার্যক্রমে স্থবিরতায় কর্মী ছাঁটাইসহ বিভিন্ন ব্যয়সাশ্রয়ী পদক্ষেপ নিচ্ছে নানা কোম্পানি। সর্বশেষ বড় আকারের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল ভারতের শীর্ষস্থানীয় ফুড ডেলিভারি সংস্থা জমেটো। সম্প্রতি জমেটো তাদের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই এবং বাকিদের ৫০ শতাংশ বেতন কর্তনের ঘোষণা দেয়। খবর এনডিটিভি।
কর্মী ছাঁটাই না করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নির্দেশনা সত্ত্বেও অনেক কোম্পানিই তা মানছে না। আয় কমায় কোম্পানি পরিচালনা কঠিন হয়ে পড়ায় কোপ পড়ছে কর্মীদের ওপর।
গত শুক্রবার কর্মীদের উদ্দেশে একটি নোটে জমেটোর প্রতিষ্ঠাতা ও সিইও দীপিন্দর গোয়েল জানান, তাদের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করতে হচ্ছে। এখানেই শেষ নয়, যেসব কর্মী কাজ করবেন, তাদের বেতন ৫০ শতাংশ কাটা হবে বলেও জানান তিনি।
নোটটিতে তিনি আরো লেখেন, গত কয়েক মাসে অনেক কিছু বদলে গিয়েছে। ব্যবসার ধরনও বদলে গিয়েছে। ম্যানেজমেন্ট যেখানে জমেটোকে আরো কেন্দ্রীভূত করতে চাইছে, সেখানে দেখা যাচ্ছে অনেক কর্মীরই বেশি কাজ নেই। কর্মীদের ধন্যবাদ জানিয়ে সেই চিঠিতে লেখেন, আমরা আমাদের সব কর্মীর কাছে চ্যালেঞ্জমূলক কাজের পরিবেশ সৃষ্টি করার জন্য ঋণী থাকব চিরকাল। কিন্তু এরপর আমরা আর ১৩ শতাংশ কর্মীকে এগিয়ে নিয়ে যেতে পারব না।