টাঙ্গাইলের কালিহাতীর বল্লা পোস্ট অফিসের পোস্টমাস্টার মজিবর রহমানকে (৫০) গুলি করে ৫০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আজ রোববার দুপুরে কালিহাতী-বল্লা সড়কের বল্লা তাঁত বোর্ডে সংলগ্ন স্থানে এঘটনা ঘটে। গুলিবৃদ্ধ মজিবর রহমানকে প্রথমে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বেলা দেড়টার দিকে বল্লা পোষ্টমাষ্টার মজিবর রহমান কালিহাতী পোস্ট অফিস থেকে গ্রাহকদের সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা রানার রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটর সাইকেল যোগে বল্লা সাবপোস্ট অফিসের যাওয়ার সময় ওই স্থানে পৌঁছালে পেছন থেকে একটি মোটর সাইকেলে ৩ জন আরোহী তাদের গতিরোধ করে। এসময় মজিবর রহমানের ডান রানে পরপর দুটি গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে মজিবর রহমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে এসে গুলির খোসা উদ্ধার করে।
এ তথ্য নিশ্চিত করেছেন কালিহাতী সদর পোস্ট মাস্টার আব্দুল মোমিন।
কালিহাতী থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সব রাস্তায় তল্লাশি করা হয়েছে। ছিনতাইকারীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।