তীব্র প্রক্রিয়াগত জটিলতার কারণে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন বাধার সম্মুখীন হচ্ছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। গতকাল ‘কভিড-১৯ সংকটের প্রভাব ও প্রতিক্রিয়া’
শীর্ষক একটি ভার্চুয়াল সংলাপে এমনটি জানান বক্তরা। যৌথভাবে এ সংলাপের আয়োজন করেছে ডব্লিউবিজি সেক্টর কম্পিটিটিভ অ্যাডভাইজরি ফর বাংলাদেশ, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) ও বেসরকারি খাতের থিংকট্যাংক বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)। চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক, অ্যাকুমুলেটর ব্যাটারি, লাইট ইঞ্জিনিয়ারিংসহ ২২টি খাতসংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের বিপিআরডি ৭ প্রজ্ঞাপনটি সম্পূর্ণ স্বচ্ছ। এতে ১০০ শতাংশ বা ৬০ শতাংশ মজুরির বিষয়ে কিছু উল্লেখ নেই। শুধু অগ্রিম জমার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে, যেখানে গত তিন মাসের মজুরিকে ভিত্তি হিসেবে ধরা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনায় ১০০ শতাংশ ও ৬০ শতাংশ মজুরির বিষয়ে উল্লেখ করা হয়েছে, যা কিনা প্রণোদনা প্যাকেজের প্রধান উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। সরকারের ঘোষণায় স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে, যাতে পদ/পদমর্যাদা বিবেচনায় না নিয়ে শ্রমশক্তি ধরে রাখা হয়। বিপিআরডি ৭ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় রফতানি খাত ও এ খাতের শ্রমিকদের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। অন্য নির্দেশনাগুলোয় অস্পষ্টতা তৈরি হয়েছে, যেগুলো পরিহার করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এছাড়া তিনি একটি জরুরি তহবিল গঠনের প্রস্তাব দেন এবং ইসিফোরজের অধীন এক্সপোর্ট রেডিনেস ফান্ড থেকে সহায়তা প্রদানের অনুরোধ জানান। তিনি জানান, কভিড-১৯ পরিস্থিতিতে কার্যক্রম চালাতে এলএফএমইএবির সদস্য কারখানাগুলোর জন্য ‘ম্যানেজমেন্ট গাইডেন্স অ্যান্ড অপারেশনাল প্রসিডিউরস’
প্রস্তুত করা হয়েছে। ডব্লিউএইচও ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এ নির্দেশনা তৈরি করেছেন। এ নির্দেশনাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) স্থানীয় প্রতিনিধির কাছে মন্তব্যের জন্য পাঠানো হবে। এছাড়া অন্যান্য বাণিজ্য সংগঠনের কাছেও এটি পাঠানো যেতে পারে।
বাংলাদেশ প্লাস্টিক অ্যান্ড প্যাকেজিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জসিম উদ্দিন বলেন, রফতানিকারক হিসেবে গণ্যরা (ডিমড এক্সপোর্টার) প্রণোদনা প্যাকেজ থেকে সুবিধা পাচ্ছে না। তবে অর্থ মন্ত্রণালয়ের ইস্যুকৃত নির্দেশনায় বলা হয়েছে, সিএমএসএসই প্যাকেজের ২০ হাজার কোটি টাকা থেকে রফতানিকারক হিসেবে গণ্যরা সুবিধা গ্রহণ করতে পারবে, বৃহৎ শিল্প এ অর্থ ব্যবহার করতে পারবে না। তার মতে, বৃহৎ শিল্প ও সেবা খাতের জন্য ঘোষিত ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজটির বিষয়ে আরো স্বচ্ছতা আনতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইস্যুটি স্পষ্ট করেন এবং এ কভিড-১৯ সংকট থেকে এসএমইদের রক্ষা করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি স্থানীয়ভাবে পিপিই ও সংশ্লিষ্ট অন্যান্য পণ্য তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন। তার মতে, দেশে ও বিদেশে বর্তমানে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।
আইএফসির বেসরকারি খাত বিশেষজ্ঞ হোসনা ফেরদৌস সুমি বলেন, কভিড-১৯-পরবর্তী পরিস্থিতি সামলাতে ইসিফোরজে প্রকল্পটি পুনর্গঠিত ও নতুন করে সাজানো হবে। এসব বিষয়ে আলোচনার জন্য শিগগির আরেকটি বৈঠক আয়োজন করা হবে। তিনি নতুন পণ্যের দিকে মনোযোগ দেয়ার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন। বলেন, বর্তমানে বৈশ্বিক ভ্যালু চেইন নতুন আকার ধারণ করছে, কিছু নতুন পণ্যের ব্যাপক চাহিদা সৃষ্টি হচ্ছে।
বিল্ডের প্রধান নির্বাহী কর্মকতা (সিইও) ফেরদৌস আরা বেগম সংলাপ সঞ্চালনা করেন। তিনি তার আলোচনায় আর্থিক প্রণোদনা প্যাকেজের সামগ্রিক মূল্যায়ন করেন এবং কীভাবে এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চান। তিনি বলেন, প্রণোদনা প্যাকেজের সুব্যবহার নিশ্চিত করতে না পারলে কর্মসংস্থান ও ব্যবসায় পরিস্থিতির উন্নয়ন ব্যাহত হবে। কভিড-১৯-এর ভবিষ্যৎ নেতিবাচক প্রভাব থেকে দেশকে রক্ষা করতে মানসম্পন্ন স্বাস্থ্য ও নিরাপত্তাসামগ্রী প্রস্তুত করতে উদ্যোক্তাদের নীতিগত সহায়তা প্রদানের পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের (বিইআইওএ) প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক বলেন, লাইট ইঞ্জিনিয়ারিং একটি অনানুষ্ঠানিক খাত, যা কিনা মূলত দেশের বাজারে অবদান রেখে চলেছে। এ খাতের প্রায় ৫০ হাজার ছোট-বড় প্রতিষ্ঠান বন্ধ হওয়ার মুখে রয়েছে। বড় ধরনের সহায়তা প্রদান করা না হলে এ খাতটি নিশ্চিহ্ন হয়ে যাবে।
ভার্চুয়াল এ সংলাপে অন্যান্য খাতের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন এবং নানা কারিগরি, নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান জানান।