পাবনার
বেড়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছয়জন। গতকাল সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে আবু শেখ ও তার ছেলে কালাম শেখের মৃত্যু হয়।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়ার কনসালট্যান্ট ডা. সরদার মোহাম্মদ মিলন জানান, ১৬ এপ্রিল দুপুরের দিকে বেড়া পৌর এলাকার শেখ পাড়ায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে গ্যাস বিস্ফোরণ ঘটে। এ সময় পাশের বাড়িতেও আগুন লেগে যায়। খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একই পরিবারের তিনজনসহ ছয়জন দগ্ধ হয়। আহতদের প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পাঁচজনের অবস্থার অবনতি হয়।
পরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনজনের অবস্থার আরো অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়। গতকাল সন্ধ্যার দিকে বাবা আবু শেখ ও ছেলে কালাম শেখের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।