করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধ বেড়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রোববার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় এ শঙ্কার কথা জানান তিনি।
বেলা ৩টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ ভিডিও কনফারেন্সে পুলিশ প্রধান বলেন, বর্তমান পরিস্থিতিতে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধ বেড়ে যেতে পারে। পাশাপাশি গৃহনির্যাতনও বাড়তে পারে। কোনোভাবেই যেন এ ধরনের অপরাধ বাড়তে না পারে সেদিকে নজরদারি বাড়াতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।
আইজিপি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যেসব স্থানে লকডাউন করা হয়েছে, তা সঠিকভাবে মেনে চলতে হবে। জনগণকে ঘরে থাকতে হবে। বাইরে আড্ডা দেয়া বন্ধ করতে হবে।
বিরাজমান পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে অসহায় ও দুঃস্থ মানুষদের ত্রাণ দেয়ার ক্ষেত্রে পুলিশের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান আইজিপি। তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করতে হবে।
নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অনেক দূর এগিয়ে যাবে। তিনি মেধা, দক্ষতা, প্রজ্ঞা ও উদ্যমী শক্তি দিয়ে বাংলাদেশ পুলিশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন।
আইজিপি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে পুলিশ সদস্যরা দেশকে স্বাধীন করেছিল, যা বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এবার করোনাভাইরাস সংক্রমণের দুর্যোগপূর্ণ সময়ে পুলিশ যেভাবে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, তা সারা বিশ্বের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এ অনবদ্য ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সদস্যদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।