নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাইরে বের হলেই মাস্ক ব্যবহারে উৎসাহিত করছেন বিশেষজ্ঞরা। তবে নিম্ন আয়ের মানুষের অনেকেই মাস্কই ব্যবহার করছেন না। আবার অনেকেই ব্যবহার করলেও একই মাস্ক দীর্ঘদিন ধরে ব্যবহার করতে দেখা গেছে। এতে স্বাস্থ্যঝুঁকি থেকেই যাচ্ছে। এবার নিম্ন আয়ের মানুষের জন্য ভিন্ন রকম আয়োজন করেছে রংপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর দেম’। রংপুর মহানগরীতে নিম্নবিত্ত মানুষের জন্য তাদেরই গড়ে তোলা মানবতার দেয়ালগুলোতে মাস্ক রাখার ব্যবস্থা করেছেন তারা।
সংগঠনটির স্বেচ্ছাসেবী জীবন ঘোষ বণিক বার্তাকে জানান, গতকাল নিম্নবিত্ত মানুষের মাঝে বিতরণের জন্য কিছু মাস্ক পেয়েছি আমরা। সংগঠনের স্বেচ্ছাসেবীরা যতটুকু সম্ভব নিরাপত্তার সঙ্গে কিছু মাস্ক বিলিও করেছি। তবে এভাবে ঘুরে ঘুরে মাস্ক বিতরণ করাটা নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য হুমকি স্বরূপ। পরে আমরা প্লান করেছি মানবতার দেয়ালে রেখে দেয়ার জন্য।
তিনি আরো জানান, আমরা গল শীত মৌসুমে রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে ২০টি মানবতার দেয়াল স্থাপন করেছিলাম। মাস্ক বিতরণের জন্য সেই মানবতার দেয়ালগুলোই ব্যবহার করা হচ্ছে।
এগুলো বাইরে হওয়ায় মাস্কগুলোকে বিশেষভাবে প্যাকেটজাত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মাস্কগুলো সকাল থেকেই আমাদের স্বেচ্ছাসেবকরা প্যাকেট করে। পরে সেগুলো মানবতার দেয়ালে ঝুলিয়ে দেয়া হয়।’
তিনি বলেন, ‘এর ফলে যাদের প্রয়োজন তারাই শুধু মাস্কগুলো নিবেন বলেই আমাদের বিশ্বাস।’