অফিসের ক্যান্টিন থেকে খাবার চুরির অভিযোগে চাকরি হারিয়েছেন সিটি গ্রুপের এক উচ্চপদস্থ কর্মকর্তা। লন্ডনের ক্যানারি ওয়ারফে সিটি গ্রুপের ইউয়োপীয় হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন তিনি। ওই কর্মকর্তার নাম পরেশ শাহ। তিনি ভারতীয়। তার বাৎসরিক আয় আনুমানিক ৯ কোটি ২০ লাখ রুপি।
অভিযোগ পাওয়ার পর গত জানুয়ারি মাসেই সিটি গ্রুপের বন্ড ট্রেডিং বিভাগের কর্মকর্তার পদ থেকে পরেশকে সরিয়ে দেয়া হয়। ইউরোপে ক্রেডিট ট্রেডারদের মধ্যে অন্যতম দক্ষ কর্মী হিসেবে পরিচিত ছিলেণ তিনি। তার এক সহকর্মীর জানান, পরেশকে সবাই পছন্দ করতো। কাজের জগতে তিনি খুব সফল।
আরেক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এইচএসবিসিতে সাত বছর চাকরি করেছেন পরেশ। এরপর ২০১৭ সালে সিটি গ্রুপে যোগ দেন। খুব অল্প সময়ের মধ্যে সাফল্যের শিখরে পৌঁছে যান তিনি।
২০১৯ সালের চতুর্থ প্রান্তিকে সিটি গ্রুপের ফিক্সড ইনকাম ট্রেডিং বিভাগের রাজস্ব প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। সামনেই জ্যেষ্ঠ কর্মীদের বোনাস দেয়ার কথা ছিল। এর এক সপ্তাহ আগেই পরেশের বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে।
তবে এ ব্যাপারে গণমাধ্যমে পক্ষ থেকে যোগাযোগ করা হলে সিটি গ্রুপ বা পরেশ কেউই তদন্তের স্বার্থে মুখ খুলতে রাজি হননি।
সূত্র: ফিন্যানসিয়াল টাইমস