ঢাকার দুই সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল বরার্ট মিলার বলেছেন, ‘ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে, তারা যে প্রার্থীকেই ভোট দেন না কেন। আপনারা জানেন যে, বাংলাদেশে ভোটপ্রদানের হার যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। যা প্রশংসাযোগ্য।’
আজ সোমবার (২০ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এই নির্বাচন পর্যবেক্ষণ করবে জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘গত জাতীয় নির্বাচনেও আমরা (পর্যবেক্ষণ) করেছি। নির্বাচনের দিন (১ ফেব্রুয়ারি) গণতান্ত্রিক প্রক্রিয়া প্রত্যক্ষ করা হবে।’
নির্বাচন কমিশনে এসে ইলেকট্রোনিক ভোটি মেশিনের (ইভিএম) খুটিনাটি বিষয় দেখেন মিলার। তিনি বলেন, ‘আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেখতে চেয়েছি। এ বিষয়ে (ইভিএম নিয়ে) বেশ কিছু শিখেছি। আশা করি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ভোটারদের উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রদূত মিলার বলেন, ‘দয়া করে অংশগ্রহণ করুন। হয়তো কিছু সময়ে নির্বাচন প্রক্রিয়াটি যথাযথভাবে কাজ করে না। কিছু সময়ে এটি গোলযোগপূর্ণ এবং অগোছালো হয়ে থাকে। তবে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।’
তিনি বলেন, ‘আজ মার্টিন লুথার কিং ডে, যুক্তরাষ্ট্রে ছুটির দিন। গণতন্ত্রে ক্ষমতা ও যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা মার্টিন লুথারের থেকে ভালো কেউ জানেন না। আর এ কারণেই আজ নির্বাচন কমিশনের সঙ্গে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করতে এসেছি।’
তিনি বলেন, ইভিএম বিষয়ে বেশ কিছু শিখেছি। মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে ঢাকার দুই সিটি নির্বাচন উৎসবমুখর পরিবেশে, অবাধ এবং শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে। আমরা আশা করি যে এটি অংশগ্রহণমূলক হবে।... যারা এ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, যারা ভোটে অংশগ্রহণ করতে চায় বা যারা প্রার্থী, তাদের সে অনুযায়ী সুযোগ দেওয়া হবে বলে আশা করি।’