হলিউডের ‘জোকার’ সিনেমা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে জোকারের ভূমিকায় অভিনয় করে সবার নজর কেড়েছেন জোয়াকিন ফিনিক্স (৪৫)। প্রত্যাশিতভাবেই জিতে নিয়েছেন ৭৭তম গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা অভিনেতার তকমা। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসের হিলটন হোটেলে তারকাবহুল জাঁকজমকপূর্ণ আয়োজনে অন্যদের সঙ্গে তার নাম ঘোষণা করা হয়। খবর সিএনএন।
এটি জোয়াকিনের দ্বিতীয় গোল্ডেন গ্লোব পুরস্কার। এর আগে তিনি ২০০৬ সালে ‘ওয়াক দ্য লাইন’ এ অনবদ্য অভিনয়ের জন্য প্রথমবার সেরা অভিনেতা পুরষ্কার জিতেছিলেন। ডার্ক কমিকসের গল্প অবলম্বনে ‘জোকার’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন টড ফিলিপস। সেরা পরিচালক হিসেবে তিনি এবং সেরা চলচ্চিত্র হিসেবে নমিনেশন পেয়েছিল জোকার। যদিও শেষ পর্যন্ত শিকে ছিঁড়েনি।
চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের জন্য ‘গোল্ডেন গ্লোব পুরস্কার’ দেয়া হচ্ছে ১৯৪৪ সাল থেকে। এ পুরস্কারের আয়োজন করে আসছে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। এবারের অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রিকি জারভেইস।
৭৭তম গোল্ডেন গ্লোব পুরস্কার
সিসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড (চলচ্চিত্রে আজীবন সম্মাননা): টম হ্যাঙ্কস
ক্যারল বার্নেট ( টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অবদান): অ্যালেন ডিজেনারেস
সেরা চলচ্চিত্র: নাইন্টিন সেভেন্টিন
সেরা অভিনেত্রী: রেনি জেলওয়েজার (জুডি)
সেরা অভিনেতা: জোয়াকিন ফিনিক্স (জোকার)
সেরা মিউজিক্যাল/কমেডি ছবি: ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি ছবি): অ্যাকোফিনা (ফেয়ারওয়েল)
সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি ছবি): ট্যারন এগারটন (রকেটম্যান)
সেরা অ্যানিমেটেড ছবি: মিসিং লিংক
সেরা বিদেশী ভাষার ছবি: প্যারাসাইট (দক্ষিণ কোরিয়া)
সেরা সহ-অভিনেত্রী: লনা ডের্ন (ম্যারেজ স্টোরি)
সেরা সহ-অভিনেতা: ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)
সেরা পরিচালক: স্যাম ম্যান্ডেস (নাইন্টিন সেভেন্টিন)
সেরা চিত্রনাট্য: কোয়েন্টিন ট্যারান্টিনো (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)
সেরা সংগীত পরিচালনা: জোকার (হিলদোর গুনেদুতির)
সেরা গান: ‘আই অ্যাম গনা লাভ মি অ্যাগেইন’ (রকেটম্যান)
সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা): সাকসেশন
সেরা টেলিভিশন অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান (দ্য ক্রাউন)
সেরা টেলিভিশন অভিনেতা: ব্রায়ান কক্স (সাকসেশন)
সেরা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল/কমেডি): ফ্লিব্যাগ
সেরা টেলিভিশন অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি): ফেবি ওয়ালার-ব্রিজ (ফ্লিব্যাগ)
সেরা টেলিভিশন অভিনেতা (মিউজিক্যাল/কমেডি): রামি ইউসুফ (রামি)