নাটোরে জুতার ভেতর থেকে ৮০ হাজার ডলারসহ (প্রায় ৬৭ লাখ ৯৭ হাজার টাকা) দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শহরের বনবেলঘড়িয়া বাইপাস থেকে তাদের আটক করে ডিবি পুলিশ। এ সময় দুটি পাসপোর্ট জব্দ করা হয়। এ ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আলমপুর গ্রামের মৃত ফরিদ আহম্মেদের ছেলে রাসেল মিয়া (২৫) এবং একই এলাকার তোতা মিয়ার ছেলে মইন উদ্দীন (২৭)।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ডিবি পুলিশ গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শহরের বনবেলঘড়িয়া এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই যুবককে আটক করে ডিবি পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আটককৃত দুজনের জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০ হাজার ডলার উদ্ধার করা হয়, যা বাংলাদেশী টাকায় ৬৭ লাখ ৯৭ হাজার ২৫২ টাকা টাকা। এ ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।