প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস। একই দিনে প্রধানমন্ত্রীর বর্তমান মুখ্য সচিব নজিবুর রহমানকে অবসর দেয়া হয়েছে।
আজ রোববার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ড. আহমদ কায়কাউসকে বদলি করে এই আদেশ জারি করে। এদিকে পৃথক এক প্রজ্ঞাপনে ৩০ ডিসেম্বর তার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরিবিধি অনুযায়ী নজিবুর রহমানকে অবসর দেখানো হলো।
উল্লেখ্য, ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ড. আহমদ কায়কাউস ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি সচিব পদে পদোন্নতি পান। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়। এর আগে সরকারের বিভিন্ন দফতরে দায়িত্ব পালন করেছেন আহমেদ কায়কাউস।