কুমিল্লায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ১, আহত ১৩

কুমিল্লায় নির্মাণাধীন একটি শপিং কমপ্লেক্সের ছাদ ধসে একজন নিহত এবং আরো ১৩ জন আহত হয়েছেন। নিহত রেজা রহমান (১৭) রংপুরের রফিকুল মিয়ার ছেলে। দুর্ঘটনার পর হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।

কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে শহরের কান্দিরপাড়ে রূপায়ণ দেলোয়ার টাওয়ার নামে ওই ভবনের তৃতীয় তলায় ছাদ ঢালাই করার সময় হঠাৎ ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শফিউল ওমাম রাজিব বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা মোট ১৪ জনকে তাদের হাসপাতালে আনেন। তাদের মধ্যে রেজা রহমান চিকিৎসা শুরুর আগেই মারা যায়। আহতরা হলেন রংপুরের খায়রুল মিয়ার ছেলে ইমরান (২০), বাবুল মিয়ার ছেলে রানা (১৮), রফিকুল মিয়ার ছেলে আবদুল্লাহ (২২), মান্নান মিয়ার ছেলে শিমুল (২২), শামছুল হকের ছেলে আল-আমিন (২০), আনোয়ারের ছেলে সাপিনুর (১৮), আতিউরের ছেলে রাব্বানী (২৫), চাঁপাইনবাবগঞ্জের ফয়েজ উদ্দিনের ছেলে তালু (২৮), মো. রইস উদ্দিনের ছেলে মো. মাহাবুব আলম, ঝিনাইদহের আইজ উদ্দিনের ছেলে আমীর (১৮), লালমনিরহাটের ভজেন্দ্রর ছেলে নিত্য (৪৫), কুড়িগ্রামের আবুল হোসেনের ছেলে আজিজ (৩৩) ও ভোলার জলিলের ছেলে মোকছেদ (২৫)। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক শফিউল।

ওই ভবনের নির্মাণ শ্রমিকরা জানান, গতকাল ভোরে তৃতীয় তলার ছাদে ঢালাই কাজ শুরু হয়। বিকালে ঢালাই শেষ হওয়ার একটু আগে ছাদের দক্ষিণ দিক থেকে ধসে পড়ে। এ সময় শ্রমিকরা গড়িয়ে নিচে পড়ে যান। কয়েকজন ভেতরে আটকা পড়েন। তাত্ক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দেন।

জেলা প্রশাসক বলেন, নির্মাণাধীন শাটারিং ভেঙে ছাদ ধসে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসার ব্যাপারে জেলা প্রশাসন ব্যবস্থা নেয়ার পাশাপাশি নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 

 

আরও