ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার নির্বাচনী প্রচারণার সব পোস্টার, লিফলেট, ব্যানার, বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের ২১ দিন আগে প্রচারণা শুরুর বিধান থাকলেও অনেকেই প্রচারণা শুরু করায় ইসি থেকে এ নির্দেশ দেয়া হয়েছে। গতকাল দুই সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তারা এ-সংক্রান্ত নির্দেশ দেন।
নির্দেশনায় বলা হয়, সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত তারিখের ২১ দিন আগে অর্থাৎ প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। ওই বিধিমালা অনুসারে কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ নির্বাচনপূর্ব সময়ে আচরণ বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে তা অপরাধ বলে গণ্য হবে। এ ধরনের অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এ অবস্থায় ঢাকা সিটি এলাকায় নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হলো।