অস্ট্রেলিয়ার পর এবার দাবানলে পুড়ছে চিলির শহর ভালপারাইসো। এরই মধ্যে ভষ্মীভূত হয়েছে অন্তত ১২০টি বাড়ি ১২০ হেক্টর জমি। দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ছে। সরিয়ে নেওয়া হচ্ছে শহরের লোকজনকে। আগুন নিয়ন্ত্রণে আনতে ভালপারাইসোর সকল দমকলকর্মী কাজ করে যাচ্ছে । খবর বিবিসি।
চিলির রোকুয়েন্ট এবং সান রোকে পাহাড় ও দু'টি দরিদ্র আবাসিক অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে। শহরের সমস্ত দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দাবানলের পূর্বেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এর আওতায় এলাকার প্রায় ৯০ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুটি স্কুলকে আশ্রয়স্থল হিসাবে রাখা হয়েছে। এখানেই আজ তাদের উদযাপন করতে হবে বড়দিনের উৎসব।
ভালপারাইরসোর মেয়র জর্জ শার্প দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবে লাগানো আগুন থেকেই দাবানলের সূত্রপাত হয়েছে। তবে দাবানলে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মেয়র বলেন, ‘এ মুহূর্তে গোটা ভালপারাইসোর দুর্যোগ মোকাবেলা কর্মীরা শহরের দুটি উঁচু স্থানে আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তবে উচ্চ তাপমাত্রা এবং ঝড়ো বাতাসের কারণে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।’
ভালপারাইসো চিলির সবচেয়ে বড় শহরগুলোর একটি। এটি দেশটির প্রধান একটি বন্দর এবং দক্ষিণ আমেরিকার জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পরিস্থিতি পর্যবেক্ষণে গেছেন চিলির কৃষিমন্ত্রী।
বছরের শেষদিকেও দাবানলের তান্ডব চলছেই। ব্রাজিলে পুড়ে গেছে বিস্তীর্ণ বানাঞ্চল। ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়াও দাবানলে জ্বলেছে। অস্ট্রেলিয়ায় দাবানলে দু’জন উদ্ধারকর্মীসহ মারা গেছে কমপক্ষে ৯ জন।