শিশু ধর্ষণে বিজেপির সাবেক বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। আজ দিল্লির একটি আদালত তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। তবে তার শাস্তির মেয়াদ নির্ধারণে যুক্তি তর্কের শুনানি আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া ওই মামলায় অন্য আসামি শশী সিংহকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছেন বিচারক।
একই সঙ্গে সেঙ্গারের বিরুদ্ধে নির্যাতিতাকে গাড়ি দুর্ঘটনার মাধ্যমে খুনের চেষ্টার অভিযোগসহ অন্য মামলাগুলো চলবে। খবর আনন্দবাজার।
২০১৭ সালে উন্নাওয়ের এক শিশুকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে উত্তরপ্রদেশের বাঙ্গেরমউ কেন্দ্রের চারবারের বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার ও শশীর বিরুদ্ধে। ওই মামলায় ২০১৮ সালের ১৩ এপ্রিল তাকে গ্রেফতার করে পুলিশ। এর কিছু দিনের মধ্যেই বিজেপি তাকে দল থেকে বহিষ্কার করে। পুলিশের চার্জশিটের ভিত্তিতে ষড়যন্ত্র, অপহরণ ও বিয়ের জন্য বাধ্য করাসহ একাধিক ধারায় অভিযোগ গঠন করা হয়। আজ সেঙ্গারকে দোষী সাব্যস্ত করেন তিসহাজারি আদালতের বিচারক ধর্মেশ শর্মা। একই সঙ্গে বিচারক মলায় অন্য আসামি শশী সিংহকে বেকসুর খালাসের নির্দেশ দেন।
আজ দিল্লি আদালতে ওই মামলার রুদ্ধদ্বার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি চলাকালে নির্যাতিতার পক্ষে সাক্ষী ছিলেন ১৩ জন। এছাড়া আসামি পক্ষে ছিলেন ৯ জন সাক্ষী।