প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযান সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চাঁদাবাজ, টেন্ডারবাজদের দলে দরকার নেই। শীতের অতিথি ও মৌসুমি পাখিদের দলে দরকার নেই।
আজ রোববার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, যেকোনো মূল্যে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে হবে।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি সরকারকে উৎখাতের পাঁয়তারা চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। সব সময় দলে ত্যাগী নেতাদের মূল্যয়ন করতে হবে।
তিনি বলেন, ‘বিএনপির নেতৃত্ব এখন অস্তিত্বের সংকটে। তাদের পরিণতি হবে মুসলিম লীগের মতো। খালেদা জিয়া দুই বছর জেলে। দুই বছরে তারা দুই মিনিটও আন্দোলন করতে পারেনি। শুধু বিদেশিদের কাছে নালিশ করছে। ওবায়দুল কাদের বলেন, দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে ত্যাগী নেতাদের বাঁচাতে হবে। এজন্য শেখ হাসিনার সরকারকে বারবার ক্ষমতায় দরকার।
বিএনপির কোনো নেতৃত্ব নেই। কাদের বলেন, দুর্নীতিবাজ এক দণ্ডিত নেতা টেমস নদীর ওপার দিয়ে নির্দেশ দেন। সেই নির্দেশ আসে আর ফখরুল সাহেব নাচেন। কিন্তু কোনো রেজাল্ট নেই।