বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রশিক্ষণ-বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। ঢাকাস্থ মনপুরা ও চরফ্যাশন জাতীয়তাবাদী দল ওই অনুষ্ঠানের আয়োজন করে।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, মোশাররফের সঙ্গে তৌহিদ ও আলম নামে বিএনপির আরো দুই নেতাকেও আটক করা হয়েছে। তবে কী কারণে তাদের আটক করা হয়েছে, তা নির্দিষ্ট করে জানাননি কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে বিএনপিকর্মীদের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবারও ওই মামলায় ভোলার সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেফতার করা হয়েছিল। পরে আদালতে জামিন পান তারা।