বাগেরহাট জেলার সদর থানার হাকিমপুর গ্রামের আশরাফ উদ্দিনের মেয়ে প্রতিবন্ধী আয়শা খাতুনের (৪০) জীবনের সব সঞ্চয় কেড়ে নেওয়া স্বামী মো. জসিম উদ্দিনকে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. মোফাজ্জল হোসেন জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে বুধবার সকালে এ আসামিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ।
গেল ১ অক্টোবর আয়শা খাতুন যৌতুক আইনে এ মামলা করেন। ওইদিন একই আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই জসিম পলাতক ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, আয়শা ছয় বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে সঠিক চিকিৎসার অভাবে পঙ্গুত্ব বরণ করেন। পারিবারিক অনটনে বাল্যকাল থেকেই তাকে ভিক্ষাবৃত্তি বেছে নিতে হয়। সেই থেকেই হাঁটু ও হাতের উপর ভর করে হামাগুড়ি দিয়ে ভিক্ষাবৃত্তি করেন। ১০ বছর বয়স থেকে মায়ের হাত ধরে ঢাকায় এসে ভিক্ষাবৃত্তি শুরু করেন।
ভিক্ষাবৃত্তি করেই প্রায় ১০ লাখ টাকা সঞ্চয় গড়ে তোলেন। প্রতিবন্ধী জীবনে বিয়ে-শাদি বা ঘর সংসারের ভাবনা তার মধ্যে ছিল না। এরই মধ্যে ভিক্ষা করতে গিয়েই পরিচয় হয় জসিমের সঙ্গে। নানান প্রলোভন দেখিয়ে জসিম তাকে ২০১৪ সালে ১ জানুয়ারি বিয়ে করেন। বিয়ের পরে মাসে লাখ টাকা আয়ের প্রলোভন দেখাতে থাকেন। তিনি আয়েশাকে চেয়ারম্যান করে একটি কোম্পানি খোলার প্রস্তাব দেন। যেখানে তিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন। তার প্রস্তাব ও প্রলোভনে পড়ে স্বামীর হাতে দশ লাখ টাকা তুলে দেন আয়শা। এর মধ্যে ২০১৫ সালের ১৪ জানুয়ারি একটি কন্যা সন্তানও হয় তাদের।
স্বামী জসিম টাকা নিয়ে ৩টি পুরাতন প্রাইভেট কার কিনে ভাটারা এলাকায় রেন্ট-এ কারে গাড়ির ড্রাইভিং শিখানোর এর ব্যবসা শুরু করেন। গোপনে দেশের বাড়ী ভোলায় কিছু জমিও কেনেন। বিয়ের কিছুদিন পরই জানতে পারেন জসিম এর আগে আরও দুটি বিয়ে করেছেন। বড় বউকে তালাক দিয়ে দিয়েছেন। ওই ঘরে একটি মেয়েও আছে। তাতেও আপত্তি ছিল না আয়শার। কিন্তু প্রতারক জসিম ২০১৬ সালের জানুয়ারি থেকে আয়শা ও তার সন্তানের খোঁজ-খবর নেয়া ছেড়ে দেন। এরপর আর দেখা হয় না জসিমের। নিঃস্ব আয়শার নাগালের বাইরে থাকে জসীম। বাধ্য হয়ে আয়শা মেয়েকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়।
স্বামী খোঁজ খবর না নেয়ায় ২০১৭ সালে নিজ ও মেয়ের ভরণপোষণ ও দেনমোহর চেয়ে ঢাকার পারিবারিক আদালতে একটি মামলা করেন। মামলায় চলতি বছর ৬ ফেব্রুয়ারি নিজ ও মেয়ের ২০১৬ সালের জানুয়ারি থেকে চলতি বছর জানুয়ারি পর্যন্ত ৩৬ মাসে ৬ হাজার টাকা করে এককালিন ২ লাখ ৩৬ হাজার টাকা দেয়ার রায় দেন। এছাড়া চলতি বছর ফেব্রুয়ারি থেকে প্রত্যেক মাসে তাদের ৬ হাজার টাকা করে দেয়ারও আদেশ দেন।
ওই রায়ের পর মামলা তুলে নিতে চাপ দিয়ে আয়শার উপর নির্যাতন শুরু হয়। তাই চলতি বছর ১ অক্টোবর ঢাকা সিএমএম আদালতে যৌতুক আইনে স্বামী জসিমের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলার গ্রেফতারি পরোয়ানায় তাকে বুধবার গ্রেফতার করা হয়।
আয়েশার আইনজীবী অ্যাডভোকেট মো. জাহিদুর রহমান বলেন, ‘সম্পূর্ণ মানবিক কারণে ওনার (আয়েশা) পক্ষে মামলাটি করছি। মামলার জন্য তাকে কোন টাকা দিতে হয়নি। বিয়ের নামে আয়েশার সঙ্গে অনেক বড় ধরনের প্রতারণা করেছে আসামি জসিম। আমরা তাকে ন্যায় বিচার পাইয়ে দেয়ার চেষ্টা করছি।’