বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ত্বকে অতিরিক্ত তেল জমে, লোমকূপ বন্ধ হয়ে ব্রণ, র্যাশ, অ্যালার্জি ও ছত্রাকজনিত সংক্রমণের ঝুঁকি বাড়ে। বিশেষ করে যাদের ত্বক স্বাভাবিকভাবেই তৈলাক্ত, তাদের ক্ষেত্রে সমস্যা আরো বেশি দেখা যায়। তাই বর্ষায় ত্বক সুস্থ, পরিষ্কার ও উজ্জ্বল রাখতে নিয়মিত পরিচর্যা জরুরি।
ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করুন
বর্ষায় মুখে ঘাম, ধুলাবালি ও অতিরিক্ত তেল জমে যায়। তাই দিনে অন্তত দুবার মৃদু ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করা উচিত। শুষ্ক ও স্বাভাবিক ত্বকের জন্য এমন ক্লিনজার বেছে নিন, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে। আর তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে নিম, স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানসমৃদ্ধ ফেসওয়াশ ব্যবহার করলে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে থাকে এবং ব্রণের ঝুঁকি কমে।
সপ্তাহে এক থেকে দুইদিন স্ক্রাব করুন
প্রতিদিন মুখ পরিষ্কার করলেও ত্বকে মৃত কোষ, ধুলা, ময়লা ও প্রসাধনীর অবশিষ্টাংশ জমে থাকতে পারে। এগুলো দূর করতে সপ্তাহে এক বা দুইবার হালকা স্ক্রাব ব্যবহার করা ভালো। এতে লোমকূপ পরিষ্কার থাকে, ত্বক মসৃণ হয় এবং ব্রণ হওয়ার আশঙ্কাও কমে। তবে সংবেদনশীল ত্বকে খুব বেশি ঘষাঘষি না করে মৃদু স্ক্রাব ব্যবহার করা উচিত।
বর্ষাতেও সানস্ক্রিন ব্যবহার করুন
অনেকেই মনে করেন মেঘলা আকাশে সানস্ক্রিনের প্রয়োজন নেই। কিন্তু সূর্যের অতিবেগুনি (UV) রশ্মি মেঘ ভেদ করেও ত্বকে পৌঁছতে পারে। তাই বাইরে বের হওয়ার আগে হালকা, তেলমুক্ত (Oil-free) সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এতে রোদজনিত ক্ষতি, ত্বকের কালচে দাগ ও অকাল বার্ধক্যের ঝুঁকি কমে।
ভিটামিন সি সিরাম ব্যবহার করতে পারেন
ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে উজ্জ্বল রাখতে এবং পরিবেশগত ক্ষতি থেকে সুরক্ষা দিতে সাহায্য করে। এটি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে, পাশাপাশি দাগছোপ ও অসম ত্বকের রঙ কমাতেও সহায়ক। মুখ পরিষ্কারের পর দিনে এক বা দুইবার ভিটামিন সি সিরাম ব্যবহার করলে ত্বক আরো সতেজ ও প্রাণবন্ত দেখায়।
ময়েশ্চারাইজার ব্যবহার বাদ দেবেন না
বর্ষায় ত্বক তৈলাক্ত মনে হলেও ময়েশ্চারাইজারের প্রয়োজন ফুরিয়ে যায় না। হালকা ও নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখে এবং শুষ্কতা প্রতিরোধ করে। দিনের বেলায় সানস্ক্রিনযুক্ত ডে ক্রিম এবং রাতে পুষ্টিকর নাইট ক্রিম ব্যবহার করলে ত্বক সারাদিন সুরক্ষিত থাকে এবং রাতভর নিজেকে পুনর্গঠনের সুযোগ পায়।
আরো কিছু পরামর্শ
বৃষ্টিতে ভিজে গেলে যত দ্রুত সম্ভব মুখ ও শরীর পরিষ্কার করুন।
পর্যাপ্ত পানি পান করুন এবং ভিটামিনসমৃদ্ধ ফল ও শাকসবজি খান।
মেকআপ ব্যবহার করলে অবশ্যই ঘুমানোর আগে ভালোভাবে তুলে ফেলুন।
পরিষ্কার তোয়ালে ব্যবহার করুন এবং নিয়মিত বালিশের কভার পরিবর্তন করুন।
সঠিক পরিচর্যা ও কিছু সহজ অভ্যাস মেনে চললে বর্ষার আর্দ্র আবহাওয়াতেও ত্বক থাকবে পরিষ্কার, সুস্থ ও উজ্জ্বল।