বন্ধুত্ব কি বার্ধক্য ঠেকাতে পারে

সামাজিক সুবিধা বা সংযোগের এ প্রভাব সবার জন্য সমান নয়। যাদের আয় বেশি, শিক্ষার মান ভালো বা সামাজিকভাবে প্রভাবশালী গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তাদের বার্ধক্য তুলনামূলক ধীরে আসে

বার্ধক্য জীবনের স্বাভাবিক একটি চক্র। বয়স বাড়লে শরীর ক্লান্ত হবে এ তো জীবনের স্বাভাবিক নিয়ম। তবে যদি সেই বয়স বাড়ার গতি কমানো যায়? যদি আরো কিছু সময় ধরে রাখা যায় শরীর ও মনের তারুণ্য?

সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক নতুন গবেষণা বলছে, তারুণ্য ধরে রাখার পদ্ধতি মানুষের নাগালের মধ্যেই রয়েছে—আর তার নাম বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ক।

বার্ধক্যবিষয়ক মার্কিন বিশেষজ্ঞ অধ্যাপক লুইজি ফেরুচ্চি এক বক্তৃতায় বলেন, জীবনধারার কোন উপাদানগুলো বার্ধক্যকে ধীর করে দেয় তা বুঝতে পারাই মানবজীবনের পরবর্তী বড় অগ্রগতি। তার মতে, বার্ধক্যের গতি কমানো সম্ভব হলে বয়সজনিত রোগে আক্রান্ত হওয়ার সময়টা বিলম্বিত করা সম্ভব। সেক্ষেত্রে মানুষ দীর্ঘ সময় সুস্থ ও কর্মক্ষম থাকতে পারে। আর বার্ধক্যজনিত অসুস্থতা জীবনের শেষ কয়েক বছরে সীমিত থাকবে।

যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক বিস্ময়কর গবেষণায় দেখা গেছে, মানুষের সামাজিক সম্পর্ক যত মজবুত, তার জৈবিক বয়স তত ধীরে বাড়ে। দুই হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষকে নিয়ে গবেষণাটি করা হয়েছে। তাদের পারিবারিক সম্পর্ক, বন্ধুত্ব, সামাজিক সংগঠনে যুক্ত থাকা, মানসিক সহায়তা পাওয়া ও সামাজিক কাজে অংশগ্রহণকে বিবেচনায় নিয়ে একটি সূচক তৈরি করা হয়। যার নাম ‘কিউমুলেটিভ সোশ্যাল অ্যাডভান্টেজ’ (সিএসএ)।

গবেষকরা এই সূচকটির সঙ্গে মানুষের জৈবিক বয়স, শরীরের প্রদাহের মাত্রা, স্ট্রেস হরমোনের ভারসাম্যের তুলনা করেন। দেখা গেছে, যাদের সামাজিক সংযোগ বেশি, তাদের জৈবিক বয়স তুলনামূলক কম এবং দেহে প্রদাহও কম।

বিশেষজ্ঞদের মতে, এতে অবাক হওয়ার কিছু নেই। হাজার হাজার বছর আগে মানুষ দলবদ্ধভাবে খাবার সংগ্রহ করত। তাদের বেঁচে থাকা নির্ভর করত গোষ্ঠীর নিরাপত্তা ও সহযোগিতার ওপর। তাই মানুষ স্বাভাবিকভাবেই এমনভাবে বিবর্তিত হয়েছে যে, সে অন্যদের সঙ্গে যুক্ত থাকলে তবেই শারীরিক ও মানসিকভাবে ভালো থাকে।

তবে গবেষণায় আরো দেখা গেছে, সামাজিক সুবিধা বা সংযোগের এ প্রভাব সবার জন্য সমান নয়। যাদের আয় বেশি, শিক্ষার মান ভালো বা সামাজিকভাবে প্রভাবশালী গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তাদের বার্ধক্য তুলনামূলক ধীরে আসে। অর্থাৎ, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যও বয়সের গতিকে প্রভাবিত করে।

দ্য কনভারসেশন অবলম্বনে

আরও