ডিম, ছোট্ট ও ভঙ্গুর খাদ্যটি নিয়ে রান্নাঘরে তর্কের শেষ নেই। খুব কম খাবারই আছে, যা একসঙ্গে এতটা প্রশংসিত, আবার এতটা বদনাম কামিয়েছে। কয়েক দশক ধরে ডিম যেন পুষ্টিবিজ্ঞানের আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, কখনো কোলেস্টেরলের দোষে, কখনো চর্বির ভয়ে, আবার কখনো নিছক কুসংস্কারের কারণে। পুরনো স্বাস্থ্যভীতি, চতুর বিপণন কৌশল আর প্রজন্ম থেকে প্রজন্মে চালু থাকা ধারণা মিলিয়ে এমন সব মিথ তৈরি হয়েছে, যেগুলো ভাঙতে বিজ্ঞানকে আজো কাঠখড় পোড়াতে হয়। চলুন আজ জেনে নেই ডিম নিয়ে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা।
১- বাদামি ডিম মানেই বেশি পুষ্টিকর
ডিমের খোলসের রঙ পুষ্টির মান নির্ধারণ করে না, এটি নির্ভর করে শুধু মুরগির জাতের ওপর। বাদামি ও সাদা ডিম পুষ্টিগুণে মূলত একই। তবু বহু মানুষের মনে গেঁথে গেছে, বাদামি ডিম বেশি স্বাস্থ্যকর। এ বিশ্বাসের উৎস আসলে অন্য জায়গায়, পুরনো শস্য, ব্রাউন রাইস বা কম প্রক্রিয়াজাত খাবারকে ‘ভালো’ ভাবার মানসিকতা থেকে। বাস্তবতা হলো, একই আকারের, একই খাদ্যে লালিত মুরগির ডিম হলে বাদামি আর সাদা খোলসের ভেতরে থাকা ভিটামিন, প্রোটিন ও খনিজ উপাদান একেবারেই সমান। অর্থাৎ খোলসের রঙ নয়, আসল গুরুত্ব মুরগির খাবার ও উৎপাদন পদ্ধতিতে।
২- ডিম খেলেই সবার কোলেস্টেরল বাড়ে
এক সময় ধারণা ছিল, সব মানুষের শরীর খাদ্য থেকে পাওয়া কোলেস্টেরল একইভাবে প্রক্রিয়াজাত করে। কিন্তু বাস্তবে মানবদেহ এতটা সরল নয়। জেনেটিক পার্থক্যের কারণে কেউ কেউ ‘হাইপার-রেসপন্ডার’, আবার বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই ডিম খাওয়ার ফলে রক্তের কোলেস্টেরলে উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। আর যাদের ক্ষেত্রে সামান্য পরিবর্তন দেখা যায়, সেখানে অনেক সময় ‘ভালো’ কোলেস্টেরলও বাড়ে। অর্থাৎ ডিম কেবল শত্রু নয়, বরং ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাসে এটি নিরপেক্ষ বা উপকারীও হতে পারে।
৩- গাঢ় হলুদ কুসুম মানেই বেশি পুষ্টিকর
গাঢ় কমলা বা হলুদ কুসুম দেখলে অনেকেই ধরে নেন, এ ডিম বেশি পুষ্টিকর। আসলে কুসুমের রঙ নির্ভর করে মুরগির খাদ্যে থাকা ক্যারোটিনয়েড পিগমেন্টের ওপর, সামগ্রিক পুষ্টিগুণের ওপর নয়। খোলা জায়গায় ঘুরে বেড়ানো মুরগি যেসব পোকামাকড় ও সবুজ শাক খায়, তাতে কুসুমের রঙ গাঢ় হয়। কিছু পিগমেন্টে অ্যান্টিঅক্সিডেন্ট উপকারিতা থাকলেও, একটি ফ্যাকাশে কুসুমও পুষ্টিগুণে কোনো অংশে কম নয়। চোখে পড়া রঙের চেয়ে খামারের পদ্ধতিই আসল বিষয়।
৪- ডিমে রক্তের দাগ মানেই নষ্ট
অনেক সময় ডিম ভাঙার পর ভেতরে ছোট লালচে দাগ দেখা যায়। এ দৃশ্য থেকে জন্ম নিয়েছে নানা ভয়াবহ গল্প। অথচ বাস্তবতা একেবারে ভিন্ন। এ রক্তবিন্দু তৈরি হয় ডিম গঠনের সময় কোনো ক্ষুদ্র রক্তনালী ফেটে গেলে। এর সঙ্গে নিষেক বা পচনের কোনো সম্পর্ক নেই। স্বাস্থ্যের জন্য এটি একেবারেই ক্ষতিকর নয়। চাইলে রান্নার আগে তুলে ফেলুন, না চাইলে রেখে দিন।
৫- ডিম মানেই ফ্রিজে রাখতে হবে
বিশ্বের সব জায়গায় ডিম সংরক্ষণের নিয়ম এক নয়। কোথাও ডিম ফ্রিজে রাখা বাধ্যতামূলক, আবার কোথাও সুপারশপের খোলা তাকেই ডিম রাখা হয়। এ পার্থক্য আসে উৎপাদন ব্যবস্থার কারণে। যেসব দেশে ডিম ধুয়ে বাজারজাত করা হয়, সেখানে প্রাকৃতিক সুরক্ষাকবচ নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখা অপরিহার্য হয়ে ওঠে। অন্যদিকে, যেখানে ডিম ধোয়া হয় না এবং মুরগিকে টিকা দেয়া থাকে, সেখানে এ সুরক্ষা অক্ষুণ্ন থাকে। ফলে নির্দিষ্ট তাপমাত্রায় ঘরের বাইরেও ডিম নিরাপদ থাকে। এক দেশের ‘অবহেলা’ অন্য দেশের ‘বৈজ্ঞানিক নিয়ম’ হতেই পারে।
৬- গর্ভাবস্থায় ডিম একেবারেই নিষিদ্ধ
গর্ভাবস্থায় খাবার নিয়ে ভয় অনেক সময় প্রয়োজনের চেয়েও বড় হয়ে ওঠে। তারই ফলস্বরূপ অনেক তালিকায় সব ধরনের ডিমকেই নিষিদ্ধ করা হয়েছে। বাস্তবে, ভালোভাবে রান্না করা বা পাস্তুরাইজড ডিম গর্ভাবস্থায় নিরাপদই নয়, বরং অত্যন্ত উপকারী। ডিমে থাকা কোলিন ভ্রূণের মস্তিষ্ক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিকভাবে রান্না করা ডিম ভয় নয়, বরং পুষ্টির শক্ত ভিত্তি।
৭- কাঁচা ডিমই সবচেয়ে শক্তিশালী পুষ্টি
বডিবিল্ডারদের গল্প বা সিনেমার পর্দায় কাঁচা ডিম গিলে ফেলার দৃশ্য প্রদর্শন করা হয় শক্তির প্রতীক হিসেবে। ধারণা ছিল, আগুনে ডিমের পুষ্টি নষ্ট হয়। তবে বিজ্ঞান বলে ঠিক উল্টো কথা। ডিম রান্না করলে তার প্রোটিন শরীর অনেক বেশি কার্যকরভাবে শোষণ করতে পারে। একই সঙ্গে তাপ সালমোনেলার ঝুঁকি ব্যাপকভাবে কমিয়ে দেয়। অর্থাৎ কাঁচা ডিম শুধু ঝুঁকিপূর্ণই নয়, পুষ্টির দিক থেকেও কম কার্যকর।
৮- ডিম হৃদয়ের শত্রু
ডিমের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, এটি হার্টের জন্য ক্ষতিকর। এ ধারণা জন্ম নিয়েছিল এমন এক সময়ে, যখন খাদ্য থেকে পাওয়া কোলেস্টেরল আর রক্তের কোলেস্টেরলকে এক মনে হতো। আজকের গবেষণা বলছে, সুস্থ মানুষের ক্ষেত্রে পরিমিত ডিম খাওয়া হৃদরোগের ঝুঁকি বাড়ায় না। বরং সামগ্রিক খাদ্যাভ্যাস, আঁশের পরিমাণ, স্যাচুরেটেড ফ্যাট, জীবনযাপন, এসবই বেশি গুরুত্বপূর্ণ। মাত্র ৭০ ক্যালরির একটি ডিম, উচ্চমানের প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টি দিয়ে সঠিক খাদ্যতালিকায় একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
ডিমকে ঘিরে এ দীর্ঘ ভুল বোঝাবুঝির ইতিহাস আসলে আমাদের খাদ্যভীতি আর ট্রেন্ড-নির্ভর বিশ্বাসের গল্প। বিজ্ঞান বদলায়, তথ্য হালনাগাদ হয়, কিন্তু ভয় থেকে যায়। সব মিথ সরিয়ে রাখলে ডিম হল সহজ, সাশ্রয়ী, বহুমুখী আর পুষ্টিকর।