সকালের রোদ উঠতেই কাহুইতা ন্যাশনাল পার্কের সাদা বালুর উপকূল যেন ঘুম ভাঙে ক্যারিবীয় বাতাসে। সাগরের ঢেউ টেনে আনে শ্যাওলা-ধোয়া কিছু কাঠের টুকরো, ভাঙা মাটির পাইপ কিংবা কখনো কালচে রঙের পুরনো ইট। স্থানীয়দের চোখে এসব ছিল পুরনো জলদস্যুদের জাহাজের অংশ। কিন্তু সময়ের গভীর থেকে উঠে এল এক ভিন্ন গল্প—একটি হারিয়ে যাওয়া ইতিহাস।
ডেনমার্কের জাতীয় জাদুঘরের সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদরা এখন নিশ্চিত যে কাহুইতার কাছে ডুবে থাকা পুরনো জাহাজ দুটি আসলে ১৭১০ সালে নিখোঁজ হওয়া ড্যানিশ দাসবাহী জাহাজ ফ্রিডেরিকাস কোয়ার্টাস ও ক্রিশ্চিয়ানাস কোইন্টাস।
এই গল্পের শুরুটা ২০১৫ সালে। এক মার্কিন প্রত্নতত্ত্ববিদ ওই ধ্বংসাবশেষে খুঁজে পান ড্যানিশ হলুদ ইট। তখনো কেউ আঁচ করতে পারেননি, এর সঙ্গে জড়িয়ে আছে এক জনগোষ্ঠীর আদি পরিচয়ের সূত্র। ২০২৩ সালে ভাইকিং শিপ মিউজিয়ামের গবেষকেরা এর কাঠ, ইট ও মাটির পাইপ সংগ্রহ করে বিশ্লেষণ করেন। তখন জানা যায়, ১৭শ শতকে ডেনমার্কের দক্ষিণাঞ্চলে এসব বস্তু তৈরি হয়েছিল। এমনকি ১৭১০ সালের আগের ড্যানিশ ডিজাইনের সঙ্গে মিল পেয়েছে সেই পাইপের নকশাও।
এক জাহাজে আগুনের দাগ দেখে প্রত্নতত্ত্ববিদরা বলেন—এটাই ছিল ফ্রিডেরিকাস কোয়ার্টাস। ইতিহাস বলছে, ওই জাহাজে করে ঘানার এলমিনা বন্দর থেকে ৮০০ আফ্রিকান বন্দিকে নিয়ে রওনা হয়েছিল ড্যানিশরা। ক্যারিবীয় সাগরের ঘন কুয়াশা আর দিকভ্রান্তির ফলে জাহাজ দুটি গন্তব্যে পৌঁছাতে পারেনি। তারা ঠেকে যায় আজকের কোস্টারিকার কাহুইতা উপকূলে।
সেই সময়, পানির খোঁজে উপকূলে নামার পরই শুরু হয় বিদ্রোহ। দাসেরা জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বিপর্যয়ের মধ্যে পড়ে প্রায় ৬৫০ আফ্রিকান থেকে যান ওই উপকূলে। ধীরে ধীরে তারা গড়ে তোলেন বসতি, জন্ম দেয় নতুন পরিচয়ের—আফ্রো-কোস্টারিকান।
বর্তমানে প্রায় তিন শতাব্দী পর, তাদের বংশধররা খুঁজে পাচ্ছেন নিজেদের শেকড়।
মারিয়া এস্তের ভিলা নামের স্থানীয় এক নারী আবেগ জড়ানো গলায় বলেন, আমার শতবর্ষী মা বলতেন—আমাদের পূর্বপুরুষেরা হঠাৎ একদিন সমুদ্র পাড়ি দিয়ে এখানে এসে থিতু হন। এতদিন ভেবেছিলাম, এগুলো শুধু লোককথা। এখন বুঝতে পারছি, এটাই আমাদের সত্যি ইতিহাস। এই খোঁজ আমার পরিবারের আত্মপরিচয় বদলে দিয়েছে।
মারিয়ার মতো অনেক পরিবার জানতেনই না, তাদের রক্তে বইছে সেই মুক্তিকামী বিদ্রোহীদের সাহস। এখন তারা জানতে পারছেন—তাদের পূর্বপুরুষেরা দাস হিসেবে আসেননি। তারা লড়েছিলেন বাঁচার জন্য, নিজেদের স্বাধীনতার জন্য।
এ ইতিহাস কেবল কাগজেই লেখা নেই, এসব এখন উঠে এসেছে কাহুইতার স্কুলঘরেও। শিশুদের চোখে এখন নতুন কৌতূহল—তারা জানছে তাদের পূর্বপুরুষেরা কেমন করে সমুদ্র পেরিয়ে এসেছিলেন, কীভাবে সংগ্রাম করে গড়েছিলেন এক নতুন জীবন। স্কুলগুলোতে শুরু হয়েছে এই ইতিহাস নিয়ে বিশেষ পাঠদান। শিক্ষকরা বলছেন, আমরা এখন শুধু বই পড়াই না। শিশুদের আত্মপরিচয়ও শেখাই।
এ গবেষণার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে একটি প্রামাণ্যচিত্র—‘এনস্লেভড’। যেখানে শুধু কাঠ আর ইট নয়, জীবন্ত হয়ে উঠেছে হারিয়ে যাওয়া ইতিহাস। ধ্বংসাবশেষের সঙ্গে ফুটে উঠেছে বিদ্রোহ, সাহস আর টিকে থাকার দৃঢ়তা।
তিন শতাব্দী আগে হারিয়ে যাওয়া দুই জাহাজ আজ কাহুইতার জলে শুয়ে আছে নিঃশব্দে। কিন্তু তাদের গল্প, তাদের যাত্রা এখন আর কুয়াশায় ঢাকা নয়। সেটা এখন মানুষ জানছে, অনুভব করছে। কোনো এক প্রাচীন ঢেউ যেন ধীরে ধীরে ফিরিয়ে দিচ্ছে— হারিয়ে যাওয়া আত্মপরিচয়ের সুর।
—সিএনএন