মানুষ কেন নির্বাক প্রাণীদের প্রতি হিংস্র হয়ে উঠছে?

পশুদের প্রতি হিংসা সমাজের জন্য সতর্কবার্তা। এর পেছনে লুকনো মানসিক সমস্যা চিহ্নিত করা এবং যথাসময়ে ব্যবস্থা নেয়া মানে শুধুমাত্র প্রাণ রক্ষা নয়—মানবিকতা ও সহানুভূতির শিক্ষা বজায় রাখা। প্রতিটি ছোট প্রাণের প্রতি দয়া, ভবিষ্যতের জন্য একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলে।

পাবনার ঈশ্বরদীতে সদ্যজাত আট কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে নৃশংসভাবে হত্যার ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এ ঘটনায় অভিযুক্ত নিশি রহমানকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেও একইভাবে মানুষকে স্তম্ভিত করেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জীবন্ত বিড়ালকে খাঁচায় বন্দি করে পুড়িয়ে হত্যার ভিডিও কিংবা কয়েক মাস আগে রাজধানীর ধানমন্ডিতে বিড়ালের চোখ তুলে নেয়ার ঘটনা। এসব নৃশংস ঘটনা প্রমাণ করে প্রাণীর প্রতি মানুষের সহানুভূতি এবং মানবিকতা কতটা ঝুঁকির মুখে রয়েছে।

আমাদের আশপাশে থাকা এ নির্দোষ প্রাণগুলোকে মনে করা হয় বিশ্বাস ও নিষ্পাপতার প্রতীক। তবে কখনো কখনো মানুষের মনেই লুকিয়ে থাকে অদৃশ্য হিংসা, যা প্রথমে পশুর ওপর ঝরে। এ আচরণের পেছনে থাকতে পারে গভীর মানসিক ও আচরণগত কারণ, যা জানা না থাকলে সমাজের জন্য বিপজ্জনক হতে পারে।

কনডাক্ট ডিসঅর্ডার: শৈশবের সতর্ক সংকেত

শৈশবেই অনেকের আচরণে দেখা যায় কনডাক্ট ডিসঅর্ডার , যেখানে শিশু বা কিশোর নিয়ম, সামাজিক সীমা এবং অন্যের অধিকার অমান্য করে। এর সবচেয়ে উদ্বেগজনক লক্ষণ হল পশু-প্রাণীর প্রতি ইচ্ছাকৃত হিংসা। এটি কখনো ক্ষোভের মুহূর্তে ঘটে না; বরং সহানুভূতির অভাব ও নৈতিক সচেতনতার ঘাটতি প্রকাশ পায়। গবেষণা বলছে, শৈশবের এ আচরণ প্রাপ্তবয়স্ক জীবনে মানুষের প্রতি হিংসার ঝুঁকি বাড়ায়।

অ্যান্টিসোশিয়াল পারসোনালিটি ডিসঅর্ডার (এপিএসডি): সহানুভূতির অভাবের প্রতিফলন

যে শিশুদের কনডাক্ট ডিসঅর্ডার থাকে এবং তা প্রাপ্তবয়স্ক জীবনে বজায় থাকে, তাদের মধ্যে অ্যান্টিসোশিয়াল পারসোনালিটি ডিসঅর্ডার দেখা যায়। এখানে পশুদের প্রতি নিষ্ঠুরতা হয় ক্ষমতা প্রদর্শন বা নিয়ন্ত্রণের জন্য। এপিএসডি প্রমাণ করে, শৈশবের হিংসা যদি যথাযথভাবে রোধ না করা হয়, তা প্রাপ্তবয়স্ক জীবনে আরো বিপজ্জনক অসামাজিক আচরণে রূপ নেয়।

ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার: অপ্রতিরোধ্য রাগ

কিছু ব্যক্তির হিংসা পরিকল্পিত নয়। ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডারে (আইইডি) ব্যক্তির হঠাৎ অপ্রত্যাশিতভাবে ভয়ঙ্কর রাগের অনুভূতি হয়। এ সময় সে পশুদের ক্ষতি করতে পারে, যা তার আবেগ নিয়ন্ত্রণের ঘাটতির প্রতিফলন।

সাইকোপ্যাথি ও কলাস-ইউমোশনাল বৈশিষ্ট্য: অনুভূতির শূন্যতা

সাইকোপ্যাথি, বিশেষ করে কলাস-ইউমোশনাল বৈশিষ্ট্য, এক ধরণের মানসিক অবস্থা যেখানে অপরাধবোধ, সহানুভূতি এবং আবেগগত গভীরতা অনুপস্থিত। এমন ব্যক্তিরা সচেতনভাবে পশুদের ওপর হিংসা চালাতে পারে। এটি শুধু হিংসার প্রকাশ নয়, বরং অনুভূতির সম্পূর্ণ অভাবের প্রতিফলন।

শৈশবের নিগ্রহ, মস্তিষ্কের কিছু অংশে সমস্যা, মাদকদ্রব্যের ব্যবহার, সবই হিংসা বাড়াতে পারে। পশু নির্যাতন কখনোই শুধুমাত্র পশুর ক্ষতি নয়; এটি মানসিক, আবেগগত ও নৈতিক অবক্ষয়ের সংকেত। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সময়মতো হস্তক্ষেপ, থেরাপি এবং বিশেষজ্ঞের সহায়তা অত্যন্ত জরুরি।

পশুদের প্রতি হিংসা সমাজের জন্য সতর্কবার্তা। এর পেছনে লুকনো মানসিক সমস্যা চিহ্নিত করা এবং যথাসময়ে ব্যবস্থা নেয়া মানে শুধুমাত্র প্রাণ রক্ষা নয়—মানবিকতা ও সহানুভূতির শিক্ষা বজায় রাখা। প্রতিটি ছোট প্রাণের প্রতি দয়া, ভবিষ্যতের জন্য একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলে।

আরও