অর্থনীতির বর্ণিল জগত: কোন রঙ কোন অর্থনীতির পরিচয় দেয়?

অর্থনীতির এই রঙিন বিভাজন কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বরং এটি আমাদের বুঝতে সাহায্য করে যে ভবিষ্যৎ কর্মজগৎ কোন দিকে যাচ্ছে। প্রযুক্তির উন্নয়ন আর বিশ্বায়নের ফলে এই রঙগুলোর সীমানা এখন অনেকটাই মিলেমিশে যাচ্ছে। আমাদের পরিবর্তিত বিশ্বের এই 'কালার কোডেড' বাস্তবতাকে বুঝতে পারা এবং সেই অনুযায়ী দক্ষতা অর্জন করা জরুরি।

এক সময় অর্থনীতি বলতেই আমাদের চোখে ভেসে উঠত খাতা-কলমের জটিল হিসাব বা শেয়ার বাজারের লাল-নীল সূচক। কিন্তু আধুনিক বিশ্বে প্রযুক্তির বিবর্তন, জলবায়ু পরিবর্তন এবং সামাজিক চাহিদার প্রেক্ষিতে অর্থনীতির সংজ্ঞা বদলে গেছে। বর্তমানে বিশেষজ্ঞরা অর্থনীতিকে নির্দিষ্ট কিছু ‘রঙে’ ভাগ করে বিশ্লেষণ করছেন। গতানুগতিক ‘সাদা’, 'কালো' বা 'ধূসর' অর্থনীতির বাইরেও আজ আমরা প্রবেশ করেছি সোনালী, রুপালী কিংবা নীল অর্থনীতির যুগে।

চলুন জেনে নেয়া যাক কোন কোন রঙ কোন অর্থনীতির পরিচয় দেয়?

কালো অর্থনীতি (Black Economy): ঐতিহ্যগতভাবে আমরা 'কালো অর্থনীতি' সম্পর্কে সচেতন, যা মূলত আইন লঙ্ঘন করে পরিচালিত হয়। মাদক পাচার, চোরাচালান বা কর ফাঁকির মতো বিষয়গুলো এর অন্তর্ভুক্ত। ভারতের মতো দেশে এই অর্থনীতির আকার মোট জিডিপির প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হয়। “আন্ডারস্ট্যান্ডিং ব্ল্যাক ইকোনমি অ্যান্ড ব্ল্যাক মানি ইন ইন্ডিয়া” শিরোনামে জনপ্রিয় একটি বই প্রকাশ করেছেন অরুণ কুমার।

সাদা অর্থনীতি (White Economy): অন্যদিকে, সাদা অর্থনীতি হলো, স্বাস্থ্য ও সামাজিক সেবা খাত; যা সমাজের কল্যাণে এবং বহুমুখী সংকটের সময়ে স্থিতিস্থাপকতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ধূসর অর্থনীতি (Grey Economy): এটি এমন এক অনানুষ্ঠানিক কার্যক্রম যা সম্পর্কে সরকার অবগত নয়, অথবা সরকার নিজেই একে নিয়মকানুন ও কর ছাড়াই চলার অনুমতি দেয়।

বাদামী অর্থনীতি (Brown Economy): এটি মূলত সেইসব শিল্পকে বোঝায় যা উচ্চমাত্রার দূষণ এবং গ্যাস নির্গমন ঘটায়। যেমন—সিমেন্ট, লোহা গলানো, পাথর খনন, কয়লা খনি এবং কয়লা-নির্ভর উৎপাদন কেন্দ্র। গত ৫০ বছরে এই শিল্পগুলোর বর্জ্য, কাদা, ধোঁয়া এবং অ্যাসিড নিয়ন্ত্রণে প্রচুর বিনিয়োগ করা হয়েছে।

নীল অর্থনীতি (Blue Economy): নীল অর্থনীতি হচ্ছে সামুদ্রিক এবং স্বাদু পানির টেকসই ব্যবস্থাপনা, যার মধ্যে রয়েছে মাছ চাষ, জলজ চাষ এবং জল-ভিত্তিক পর্যটন; যা বাস্তুসংস্থানের স্বাস্থ্য এবং অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করে।

সোনালী অর্থনীতি (Gold Economy): প্রযুক্তি এবং ডিজিটালাইজেশন; উচ্চ-প্রযুক্তিগত উদ্ভাবন যেমন ডিজিটাল ফিন্যান্স, উন্নত প্রযুক্তি এবং প্রিমিয়াম ডিজিটাল পরিষেবার সাথে সম্পৃক্ত কার্যক্রম সোনালী অর্থনীতির অন্তর্ভুক্ত।

সবুজ অর্থনীতি (Green Economy): বৃত্তাকার অর্থনীতির (Circular Economy) ওপর বিশেষ গুরুত্বসহ স্থায়িত্ব, নবায়নযোগ্য শক্তি, পরিবেশবান্ধব উৎপাদন এবং পরিবেশগত প্রভাব কমিয়ে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার অনুশীলনই হলো সবুজ অর্থনীতি।

কমলা অর্থনীতি (Orange Economy): সাংস্কৃতিক এবং সৃজনশীল শিল্প, যার অন্তর্ভুক্ত হলো শিল্পকলা, বিনোদন, ফ্যাশন, ডিজাইন, স্থাপত্য, বিজ্ঞাপন, সফটওয়্যার, প্রকাশনা এবং গবেষণা ও উন্নয়ন। হালের ইনফ্লুয়েন্সাররও কমলা অর্থনীতিতে পড়ে। কমলা অর্থনীতিকে ‘ক্রিয়েটিভ ইকোনোমি’ও বলা হয়।

রুপালী অর্থনীতি (Silver Economy): রুপালী অর্থনীতি বয়স্ক জনগোষ্ঠীর প্রয়োজন এবং আকাঙ্ক্ষাকে লক্ষ্য করে পরিচালিত; যেখানে উদ্যোক্তা তৈরি, বয়স্ক কর্মী, অবসর পরিকল্পনা এবং বয়সবান্ধব পণ্য ও পরিষেবার ওপর গুরুত্ব দেওয়া হয়।

হলুদ অর্থনীতি (Yellow Economy): মরুভূমি অঞ্চলে উন্নয়নের নতুন মডেল এবং সম্ভাবনা নিয়ে কাজ করে হলুদ অর্থনীতি; যেমন মরু-পর্যটন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, টেকসই কৃষি এবং এন্টারপ্রাইজ বা উদ্যোগের উন্নয়ন।

লাল অর্থনীতি (Red Economy): পরিশেষে রয়েছে লাল অর্থনীতি। অনেক লেখকের মতে, এটি সাম্যবাদী বা কমিউনিস্ট ভাবধারার অর্থনীতিকে বোঝায়, যেখানে উৎপাদন ও বন্টন ব্যবস্থা সম্পূর্ণ রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে।

অর্থনীতির এই রঙিন বিভাজন কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বরং এটি আমাদের বুঝতে সাহায্য করে যে ভবিষ্যৎ কর্মজগৎ কোন দিকে যাচ্ছে। প্রযুক্তির উন্নয়ন আর বিশ্বায়নের ফলে এই রঙগুলোর সীমানা এখন অনেকটাই মিলেমিশে যাচ্ছে। আমাদের পরিবর্তিত বিশ্বের এই 'কালার কোডেড' বাস্তবতাকে বুঝতে পারা এবং সেই অনুযায়ী দক্ষতা অর্জন করা জরুরি।

আরও