আপনি খুব সুন্দর একটি বিকাল কাটাতে বন্ধুর বাসায় গেলেন। কিন্তু ড্রয়িংরুমে পা রাখতেই আপনার হাত-পা ঠাণ্ডা হয়ে এল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। কারণ আর কিছুই নয়, সোফার কোণে কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে একটি ছোট্ট লোমশ বিড়াল। সাধারণ মানুষের কাছে যা কিউট বা আদুরে, আপনার চোখে তা-ই যেন এক সাক্ষাৎ আতঙ্ক। আপনি একা নন; সারা বিশ্বে লাখ লাখ মানুষ এই ‘আইলুরোফোবিয়া’ বা বিড়াল ভীতিতে আক্রান্ত। ইতিহাসের পাতায় যারা বীর বা প্রতাপশালী হিসেবে পরিচিত, তাদের সামনে বড় বড় সেনাবাহিনীও ভয়ে থরথর করে কাঁপত। কিন্তু শুনলে অবাক হবেন, সেই মানুষগুলোই নাকি একটি ছোট্ট বিড়ালের সামনে পড়লে আতঙ্কে জমে যেতেন!
জনশ্রুতি আছে, আলেকজান্ডার দ্য গ্রেট, জুলিয়াস সিজার, চেঙ্গিস খান, নেপোলিয়ন বোনাপার্ট, মুসোলিনি ও হিটলার—তাদের সবারই একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল। আর তা হলো 'আইলুরোফোবিয়া' বা বিড়াল ভীতি। বলা হয়, বিড়াল দেখলে তাদের হাত ঘামতে শুরু করত এবং তারা এতটাই আতঙ্কিত হতেন যে মনে হতো জ্ঞান হারিয়ে ফেলবেন। যদিও অনেক ঐতিহাসিক মনে করেন এসব গল্পের পেছনে পর্যাপ্ত তথ্যসূত্র নেই। তবুও বিড়ালপ্রেমীদের মধ্যে একটি কথা বেশ প্রচলিত—বিখ্যাত প্রাণিবিজ্ঞানী ডেসমন মরিস বলেছিলেন, ‘শিল্পীরা বিড়াল পছন্দ করেন, আর সৈন্যরা পছন্দ করেন কুকুর।’ চলুন জেনে নেয়া যাক কেন এই ভয়? আর কীভাবে মিলবে এর থেকে মুক্তি?
আইলুরোফোবিয়া আসলে কী?
আইলুরোফোবিয়া হলো একটি বিশেষ ধরনের মানসিক অবস্থা বা 'স্পেসিফিক ফোবিয়া'। যারা এই সমস্যায় ভোগেন, তারা শুধু বিড়াল সামনাসামনি দেখলেই নয়, বরং বিড়ালের ছবি দেখলে, ডাক শুনলে বা বিড়ালের কথা ভাবলেও চরম আতঙ্কিত হয়ে পড়েন। গ্রিক শব্দ ‘আইলুরোস’ (বিড়াল) ও ‘ফোবিয়া’ (ভয়) থেকে এই নামের উৎপত্তি। একে ফেলিনোফোবিয়া বা গ্যাটোফোবিয়াও বলা হয়।
কেন হয় এই ফোবিয়া?
বিশেষজ্ঞদের মতে, আইলুরোফোবিয়ার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে যেমন—
অতীতের ট্রমা: শৈশবে বিড়ালের কামড় বা আঁচড় খাওয়ার মতো তিক্ত অভিজ্ঞতা থেকে এই ভয়ের জন্ম হতে পারে।
সামাজিক বা লোকজ বিশ্বাস: অনেক সময় বিড়ালকে অশুভ শক্তির প্রতীক বা ডাইনীদের সঙ্গী হিসেবে প্রচার করা হয়। এসব গল্প থেকেও মনে ভয় গেঁথে যেতে পারে।
বংশগতি: পরিবারের কারো যদি তীব্র দুশ্চিন্তা বা ফোবিয়া থাকে, তবে পরবর্তী প্রজন্মের মধ্যে এটি দেখা দেওয়ার ঝুঁকি থাকে।
লক্ষণগুলো চিনে নিন
আইলুরোফোবিয়া থাকলে একজন ব্যক্তির মধ্যে কিছু শারীরিক ও মানসিক লক্ষণ প্রকাশ পায়—
১. বিড়াল দেখলে বা আওয়াজ শুনলে তীব্র প্যানিক অ্যাটাক হওয়া।
২. অতিরিক্ত ঘাম হওয়া ও হৃদস্পন্দন বেড়ে যাওয়া।
৩. বমি বমি ভাব বা মাথা ঘোরা।
৪. বিড়াল থাকতে পারে এমন সামাজিক অনুষ্ঠান বা বন্ধুর বাড়ি এড়িয়ে চলা।
৫. চরম ক্ষেত্রে, বিড়ালের ভয়ে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেওয়া।
এই ভয় কি কাটিয়ে ওঠা সম্ভব?
সঠিক চিকিৎসা ও থেরাপির মাধ্যমে আইলুরোফোবিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। বর্তমানে বিশ্বে বেশ কিছু কার্যকর পদ্ধতি প্রচলিত রয়েছে—
১. এক্সপোজার থেরাপি: এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি। এখানে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রোগীকে ধীরে ধীরে বিড়ালের ছবি, খেলনা বিড়াল এবং সবশেষে আসল বিড়ালের কাছাকাছি আনা হয়। পরিসংখ্যানে দেখা গেছে, ৯০ শতাংশ মানুষ এই থেরাপিতে সুস্থ হয়ে ওঠেন।
২. কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি (সিবিটি): এখানে ব্যক্তির চিন্তার ধরন পরিবর্তন করা হয়। বিড়াল সম্পর্কে যে নেতিবাচক ধারণা মনে গেঁথে আছে, তা দূর করতে সহায়তা করেন থেরাপিস্টরা।
৩. হিপনোথেরাপি ও মেডিটেশন: মনের গভীর থেকে ভয়ের মূল কারণ খুঁজে বের করতে এবং মনকে শান্ত রাখতে যোগব্যায়াম বা মেডিটেশন দারুণ কাজ করে।
যদি আপনার বিড়াল ভীতি স্বাভাবিক জীবনযাত্রায় বাধা দেয়, তবে দেরি না করে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারণ, সঠিক চিকিৎসা আপনাকে একটি ভয়মুক্ত স্বাভাবিক জীবন উপহার দিতে পারে।
[ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ (এনআইএমএইচ) ও ক্লিভল্যান্ড ক্লিনিকের সহায়তায় লেখা]