রাজপ্রাসাদ থেকে জনমুখী: জাপানের পাতা ঝরার উৎসব

শরতের এই রঙিন পতন যেন এক নীরব শিক্ষা— সৌন্দর্য চিরকাল থাকে না, কিন্তু তার মুহূর্তটুকু যদি তুমি গভীরভাবে অনুভব কর, সেটাই জীবনের আসল অর্থ।

অক্টোবরের শেষ দিক থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত, যখন জাপানের আকাশে এক ধরনের কোমল শীতল আলো ছড়িয়ে পড়ে, তখন হঠাৎ করেই দেশটার রূপ পাল্টে যায়। পাহাড়, নদী, বাগান আর বাড়িঘরের উঠোন জুড়ে শুরু হয় এক রঙের খেলা—লাল, কমলা, হলুদ, সোনালি। এই সময়টিই হল জাপানের বিখ্যাত কোয়ো বা মোমিজিগারি অর্থাৎ পাতার রঙ বদলের উৎসব।

এ যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম, যা যুগে যুগে জাপানের কবি, শিল্পী, দার্শনিক, এমনকি সাধারণ মানুষকেও মুগ্ধ করেছে।

কোয়োর ইতিহাস শুরু হেইয়ান যুগে অর্থাৎ ৭৯৪–১১৮৫ খ্রিস্টাব্দ। তখন সম্রাট, রাজপরিবার ও অভিজাতরা কিয়োটোর পাহাড়ি বাগানে জড়ো হয়ে পাতা রঙ বদল উপলক্ষে অনুষ্ঠান উদযাপন করতেন। সেখানে কবিতা পাঠ হতো, সাকে পান করা হতো, আর প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানো হতো।

এ সময়েই জন্ম নেয় 'মোমিজিগারি' শব্দটি—যার মানে 'লাল পাতা খোঁজার আনন্দ।' এই অভিজাত রীতি ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে এডো যুগে। তখন জাপানের বিভিন্ন মন্দির, পাহাড়ি পথ ও নদীর ধারে বিশেষভাবে কোয়ো দর্শনের স্থান তৈরি হয়।

জাপানে এই রঙিন দৃশ্যের পেছনে রয়েছে এক আশ্চর্য বৈজ্ঞানিক প্রক্রিয়া। শরতের দিনে সূর্যের আলো উজ্জ্বল থাকে, কিন্তু রাতগুলো ঠান্ডা হয়। এই তাপমাত্রার পার্থক্যের ফলে পাতায় অ্যান্থোসায়ানিন নামের এক রঞ্জক তৈরি হয়, যা পাতাকে দেয় উজ্জ্বল লাল, কমলা ও বেগুনি আভা। আর যেসব গাছে বেশি ক্যারোটিনয়েড থাকে, তারা হয় সোনালি বা হলুদ।

জাপানের প্রাকৃতিক পরিবেশ—উচ্চ পাহাড়, স্পষ্ট ঋতু পরিবর্তন, ও শীতল-উষ্ণতার সূক্ষ্ম পার্থক্য—এই রঙিন রূপান্তরের জন্য আদর্শ। এজন্যই বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় জাপানে এই দৃশ্য এত দীর্ঘস্থায়ী ও বৈচিত্র্যময়।

দেশটির বনভূমির প্রায় ৭০ শতাংশ এলাকা জুড়ে রয়েছে পর্ণমোচী গাছ। জাপানি মেপল, গিঙ্কগো, ওক, চেস্টনাট, লার্চ এবং বিচ প্রজাতির গাছগুলোই কোয়োর রঙের উৎস। এরা শুধু সৌন্দর্য দেয় না—বরং প্রকৃতির ভারসাম্যও রক্ষা করে। পতিত পাতাগুলো পচে মাটির উর্বরতা বৃদ্ধি করে।। গাছের শিকড় পাহাড়ি ঢালে ভূমিধস ও ক্ষয় রোধে সাহায্য করে। শরতের শেষে এই পাতার স্তর শীতকালে মাটিকে আর্দ্র রাখে, যা বসন্তে নতুন জীবনের ভিত্তি তৈরি করে।

জাপানের সংস্কৃতিতে কোয়ো কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়—এটি জাপানের 'মোনো নো আওয়ারে' দর্শনের জীবন্ত প্রতীক। এই দর্শন বলে, জীবনের সৌন্দর্য তার ক্ষণস্থায়ী রূপেই নিহিত।

পাতা যেমন রঙিন হয়ে ঝরে যায়, তেমনি মানুষের জীবনও ক্ষণিক—কিন্তু সেই ক্ষণিক সময়েই রয়েছে জীবনের সবচেয়ে মধুর সৌন্দর্য।

এই ভাবনা জাপানিদের মন ও মননে গভীর প্রভাব ফেলে। তারা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে জীবনের ক্ষণস্থায়ী রূপটাকে গ্রহণ করে, একে ভয় না পেয়ে ভালোবাসতে শেখে। এজন্যই জাপানি শিল্প, সাহিত্য ও সিনেমায় 'পাতা ঝরার' দৃশ্য প্রায়ই দেখা যায়—একটি আবেগ, এক ধরনের শান্ত মৃত্যু, আবার নতুন কিছুর জন্ম।

আজও শরৎ এলে জাপানজুড়ে শুরু হয় মোমিজিগারির প্রস্তুতি। আবহাওয়া অফিস পাতা রঙ বদলের পূর্বাভাস প্রকাশ করে, যেভাবে বসন্তে চেরি ফুলের পূর্বাভাস দেয়া হয়।

লোকজন পাহাড়ি ট্রেন, বা ঐতিহ্যবাহী রিওকান হোটেলে গিয়ে এই সৌন্দর্য উপভোগ করে। রাতে অনেক জায়গায় হয় লাইট-আপ ইভেন্ট, যেখানে পাতার রঙ আর আলোর খেলা মিলেমিশে তৈরি করে এক জাদুকরী পরিবেশ। প্রচুর মানুষ ভিড় করে প্রকৃতির এই অপার সৌন্দর্যকে উপভোগ করতে।

কোয়োর সময় জাপানিদের মন ধীরে ধীরে এক ধরনের প্রশান্তিতে ভরে যায়। এ মৌসুমে তারা ধ্যান, কবিতা, হাঁটাহাঁটি আর একাকীত্বের সৌন্দর্যকে উপভোগ করে। মনোবিজ্ঞানীরাও বলেন, শরতের এই রঙিন প্রকৃতি মানসিক প্রশান্তি আনে, উদ্বেগ ও বিষণ্নতা কমায়। রঙ মনোবিজ্ঞানে লাল, কমলা ও সোনালি রঙকে বলা হয় 'উষ্ণ রঙ'—যা শক্তি, স্মৃতি ও আবেগ জাগায়। তাই কোয়োর সময় মানুষ প্রকৃতির সঙ্গে মানসিকভাবে সংযুক্ত হয়।

শরতের এই রঙিন পতন যেন এক নীরব শিক্ষা— সৌন্দর্য চিরকাল থাকে না, কিন্তু তার মুহূর্তটুকু যদি তুমি গভীরভাবে অনুভব কর, সেটাই জীবনের আসল অর্থ। জাপানের কোয়ো তাই শুধু প্রকৃতির উৎসব নয়, এটি এক আত্মিক অভিজ্ঞতা—যেখানে গাছ, মানুষ, সময় আর অনুভূতি—সব একসঙ্গে রঙ বদলায়।

আরও