একটুখানি সুখের খোঁজে

সুখের জন্য অর্থ-সম্পদই যথেষ্ট না, এজন্য প্রয়োজন মনের শান্তি। মনে যদি আনন্দ না থাকে, তাহলে পৃথিবীর সবকিছুই তুচ্ছ মনে হয়। তাহলে জেনে নেয়া যাক, কীভাবে আমরা সুখের সন্ধান পেতে পারি।

আমরা সবাই সুখ খুঁজে বেড়াই। একটুখানি সুখের জন্য হাহাকার করি। কিন্তু সুখ কি সবার জীবনে এসে ধরা দেয়? ঝলমলে পোশাক আর বিলাসী জীবনযাপনের আড়ালে কত মানুষই তো জমানো কষ্ট ঢেকে রাখে। তাই সুখের জন্য অর্থ-সম্পদই যথেষ্ট না, এজন্য প্রয়োজন মনের শান্তি। মনে যদি আনন্দ না থাকে, তাহলে পৃথিবীর সবকিছুই তুচ্ছ মনে হয়। তাহলে জেনে নেয়া যাক, কীভাবে আমরা সুখের সন্ধান পেতে পারি।

নিজেকে জানা

সক্রেটিস বলেছিলেন, নিজেকে জানো। নিজেকে জানার মধ্যেই সুখ লুকিয়ে থাকে। অনেক মানুষই নিজের জন্য বাঁচে না। লোকে কী বলবে? এ ধারণাতেই জীবন কেটে যায়। কিন্তু দিন শেষে দেখা যায়, অন্যের চোখে ভালো থাকার জীবনই আমরা কাটিয়ে ফেলি। নিজেকে আর জানা হয় না, নিজের সম্ভাবনাগুলো আর আবিষ্কার করা যায় না।

যে কাজ করতে ভালো লাগে

আমাদের পেশাজীবন এমন হওয়া উচিত, যে পেশায় কাজের প্রতি সর্বোচ্চ ভালোবাসা অনুভূত হবে। বস্তুত এমন পেশাই বেছে নিতে হবে, যাতে মনে হবে না কাজ করছি বরং জীবনকে উপভোগ করছি। তখন কাজই হয়ে উঠবে জীবন। আর জীবন মানেই কাজ, এ আপ্তবাক্যও সার্থক হয়ে উঠবে।

কার্যকর শিক্ষাজীবন

শিক্ষার উদ্দেশ্য মানুষ হয়ে ওঠার প্রক্রিয়া হলেও এখন জীবিকা অর্জনের মাধ্যম হয়ে গেছে শিক্ষা। তাই কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তাও ফুটে উঠছে। এক্ষেত্রে নিজের প্যাশন আর বাস্তবতা দুটোর সম্মিলনই কার্যকর ভূমিকা রাখতে পারে। ছাত্রজীবনে নিজের পছন্দের বিষয়কেই বেছে নেয়া উচিত। নির্দিষ্ট প্রতিষ্ঠানে না পড়তে পারলে জীবন বৃথা, এমন ভাবনার চেয়ে নিজের ভালো লাগাকেই প্রাধান্য দিতে হবে। কর্মজীবনে সফল হলে তখন নিজেই প্রতিষ্ঠান হয়ে উঠবেন।

একটুখানি অবসর

কাজের চাপে চ্যাপ্টা হয়ে শুধু উপার্জনের দিকে তাকালেই চলবে না, প্রয়োজন অনুযায়ী অবসর নিতে হবে। এ অবসর সময়কে কাজে লাগাতে হবে। নিজেকে সময় দিয়ে নতুন করে আত্ম-আবিষ্কার করতে হবে।

সম্পর্ক লালন করা

যাপিত জীবনে আমরা নানাবিধ সম্পর্কে আবদ্ধ থাকি। ব্যস্ততার মাঝেও এ সম্পর্কগুলো লালন করতে হয়। ইগো, অহংকার আর হিংসা আমাদের সম্পর্কে দেয়াল হয়ে দাঁড়ায়। তাই অন্যকে কষ্ট না দিয়ে সম্পর্কে যৌক্তিক সদ্ভাব বজায় রাখতে হবে।

এবং ঘুম

ঘুম আমাদের জন্য শান্তির বাহন হিসেবে কাজ করে। ঘুমের সময় আমরা সব ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা থেকে দূরে থাকতে পারি। তাই মানসিক শান্তির জন্যই নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করতে হবে। ঘুমে ব্যাঘাত ঘটায় এমন খাবার বা বিষয় থেকে দূরে থাকতে হবে। আলো বন্ধ করে দু চোখ বুজলেই যেন ঘুম চলে আসে এমন পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। ভালো ঘুম হলেই পরেরদিন ফ্রেশ একটা মন নিয়ে দিনের কাজ শুরু করা যাবে।

আরও