রোমের বিমানবন্দরে কুকুরের জন্য বিলাসবহুল হোটেল

বিদেশ ভ্রমণের আগে প্রিয় পোষা কুকুরটিকে কোথায় রেখে যাবেন, তা নিয়ে চিন্তায় পড়তে হয় অনেককে। কারো কাছে রেখে যাওয়া বা কেনেলে (যেখানে অস্থায়ীভাবে কুকুর রাখা হয়) পাঠানো বেশ সময়সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ। এ ধরনের ঝামেলা কমাতে রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে বিলাসবহুল কুকুর হোটেল ‘ডগ রেলে’।

হোটেলের কর্মীরা টার্মিনাল থেকেই ভ্রমণকারীর কুকুর নিয়ে যান। এতে মালিকরা নির্ভার হয়ে যেতে পারেন ভ্রমণে। বিশেষ এ হোটেলের সাধারণ কক্ষের ভাড়া ৪০ ইউরো বা প্রায় ৪৭ ডলার। প্রতিটি কক্ষে রয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রিত মেঝে ও আলাদা বাগান। যে কুকুর একা থাকতে চায় বা লাজুক স্বভাবের, তাদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থাও রয়েছে। রাতে বাজানো হয় স্নিগ্ধ সুর, যা কুকুরকে শান্ত রাখতে সাহায্য করে।

এ ছাড়া অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে গোসল করানো, দাঁত পরিষ্কার, অ্যারোমাথেরাপি ও পেশি শিথিলের মালিশ। প্রিমিয়াম কক্ষের ভাড়া ৬০ ইউরো বা প্রায় ৭০ ডলার। সেখান থেকে মালিকরা ভিডিওকলে সারাক্ষণ কুকুরকে দেখতে পারেন। মোবাইল অ্যাপ ব্যবহার করে দূর থেকেই পছন্দমতো খাবারো দেয়া যাবে।

জোয়ে নামের একটি কুকুর ডগ রেলের একটি কক্ষ থেকে দৌড়ে বের হচ্ছে, ছবি: এপি

শুধু ভ্রমণকারীরাই নয়, স্থানীয় বাসিন্দারাও এখানে কুকুর রাখতে পারেন। রোম বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এরোপোরতি দি রোমার মানবসম্পদ বিভাগে কর্মরত আলেসান্দ্রা মোরেল্লি নিয়মিত তার দুই বছরের ল্যাব্রাডর জাতের কুকুর নিনাকে হোটেলটিতে রাখেন। তিনি জানান, এতে তার ব্যক্তিগত ও পেশাদার জীবনে ভারসাম্য বজায় রাখা সহজ হয়েছে। আর গাড়ি বিক্রেতা দারিও কিয়াসসারিনি তার রটওয়েলার জাতের কুকুরছানা অ্যাথেনাকে প্রশিক্ষণের জন্য এখানে আনেন। তিনি বলেন, পরিচ্ছন্নতা ও সুসংগঠিত পরিবেশের কারণে হোটেলের সেবার ওপর আস্থা রাখা যায়।

এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে হোটেলটি। গত আগস্টে এর ৪০ কক্ষের সবগুলোই পূর্ণ ছিল। এ সময় ইতালির মানুষ সাধারণত গ্রীষ্মের ছুটিতে যায় এবং ফিউমিচিনো বিমানবন্দর দিয়ে লাখো যাত্রী যাতায়াত করেন। - এপি অবলম্বনে

আরও