নদীকে জাতীয় নিরাপত্তার অংশ করা জরুরি

বাংলাদেশ মূলত সক্রিয় বদ্বীপ (অ্যাকক্টিভ ডেল্টা)। এখানে প্রকৃতিই শ্রেষ্ঠ স্থপতি। এ ভূখণ্ডের প্রতিটি ধূলিকণাই নদীর পলি দিয়ে গঠিত। শত শত নদীর অবদানেই এ ভূখণ্ড হয়েছে বৈচিত্র্যময়। হিমালয় বেয়ে নামা বিভিন্ন জলধারা এ সমতল ভূমিকে করেছে সজল, শস্য সুফলা ও উর্বর। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রের মতো বিশাল বিশাল সব নদী আমাদের মানচিত্রের প্রধান কারিগর। এজন্য নদী এখানে কেবল ভূপ্রকৃতির অংশ নয়, এটি দেশের মানুষের জীবনপ্রবাহও। নদীর কাজ হলো পলি বহন করা এবং মাটিকে নতুন করে প্রাণ দেয়া। বর্ষায় নদী প্লাবন ভূমিকে যে পুষ্টি দেয়, তা আমাদের কৃষির প্রধান শক্তি। এখানে কৃষকের লাঙল আর নদীর জল মিলেমিশেই অন্নের সংস্থান হয় কোটি কোটি মানুষের। আবার নদীর জোয়ার-ভাটা উপকূলীয় অঞ্চলের ভারসাম্য রক্ষা করে চলেছে নিরন্তর। প্রাচীনকাল থেকে নদীপথেই এ দেশে স্বল্পমূল্যে পণ্য পরিবহন করা যাচ্ছে। ফলে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ দেশের বড় বড় শহর ও বাণিজ্য কেন্দ্র। নদী বাংলাদেশের মানুষের আমিষের চাহিদা পূরণের বড় একটি উৎস। দেশের অনেক পরিবার সরাসরি নদী উৎসের আয়ের ওপর নির্ভর করে। শুধু জীবিকাই নয়, নদী মিশে আছে এখানকার মানুষের সংস্কৃতি ও জীবনাদর্শনের গভীরেও। ভাটিয়ালি আর মুর্শিদি গান নদীর ঢেউয়ের ছন্দেই প্রাণ খুঁজে পায়। নদী মিশে আছে আমাদের সামগ্রিক জাতীয় জীবনে।

দুঃখজনক হলেও সত্য, এ নদীর অবদানকেই যেন আমরা অস্বীকার করছি। অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের ফলে প্রতিনিয়ত বাড়ছে নদীদূষণ। নদী দখল করে অবৈধ স্থাপনা ও কলকারখানা নির্মিত হচ্ছে। অভিযোগ আছে, একটি অসাধু মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ পন্থায় বালি উত্তোলন করছে। এভাবে নদী হারাচ্ছে নাব্যতা এবং প্রায়ই গতি পরিবর্তিত হচ্ছে। শুষ্ক মৌসুমে দেখা দিচ্ছে তীব্র পানির সংকট। অন্যদিকে বর্ষা মৌসুমে টেকসই নদী ব্যবস্থাপনা তথা বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা না থাকায় তীরবর্তী স্থানে ভাঙন ধরছে। নদীভাঙনের ফলে প্রতি বছর হাজার হাজার মানুষ গৃহহীন ও নিঃস্ব হচ্ছে। নদীদূষণের ফলে সৃষ্ট পরিবেশের ভারসাম্যহীনতা জলবায়ু পরিবর্তনকেই ত্বরান্বিত করছে। বাস্তবে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে এসব রোধ করা কঠিন কিছু নয়। এমন প্রেক্ষাপটে নতুন সরকারের প্রতি কাঙ্ক্ষিত পদক্ষেপ ও কার্যক্রম প্রত্যাশিত।

সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে নতুন সরকার। দায়িত্ব নেয়ার পর বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তনের আশ্বাসও ব্যক্ত করেছে সরকার। এক্ষেত্রে তারা পরিবেশ উন্নয়নের বিষয়েও বাড়তি মনোযোগ দেবেন, এমনটিই প্রত্যাশিত। জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে নদীকে বাঁচাতে হবে। শুধু জাতীয় নিরাপত্তার অংশ বলে ঘোষণা দিলেই সমাধান হবে না। এজন্য সরকারকে দৃশ্যমান সব পদক্ষেপ নিতে হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোকেও জবাবদিহির আওতায় আনতে হবে। এ মুহূর্তে অর্থনৈতিক বাস্তবতা চিন্তা করে অনেকেই হয়তো এ প্রস্তাবনার গুরুত্ব অনুধাবন করতে পারছেন না। কিন্তু যদি আমরা একটু মাঠ পর্যায়ের বাস্তবতা বিচার করি, তাহলে সমস্যাটুকু অনুধাবন করতে পারব। ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি উচ্চ আদালত নদীকে ‘জীবন্ত সত্তা’ বলে স্বীকৃতি দিয়েছিল। এ স্বীকৃতি দেয়ার পরও রাজনৈতিক সদিচ্ছার অভাব থাকায় আমরা নদীর মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে পারছি না। রাষ্ট্র পরিচালনার জন্য শুধু অবকাঠামোগত উন্নয়নই পর্যাপ্ত নয়। প্রাকৃতিক সম্পদ রক্ষার বিষয়েও চাই বাড়তি মনোযোগ। যেকোনো কল্যাণমুখী সরকারের জন্য প্রাকৃতিক উত্তরাধিকার রক্ষার বিষয়ে বাড়তি মনোযোগ প্রত্যাশিত। অবকাঠামোগত উন্নয়ন যখন প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট কিংবা বাধাগ্রস্ত করে তখন তা আশীর্বাদের বদলে অভিশাপই হয়ে ওঠে। কারণ প্রকৃতির সঙ্গে জনজীবনের রয়েছে নিবিড় যোগ। নদীমাতৃক বাংলাদেশে নদীর স্বার্থরক্ষা এজন্যই গুরুত্বপূর্ণ।

নদীহীন উন্নয়ন টেকসই নয়। উন্নয়ন মানে অনেকেই কেবল ইট-পাথরের অট্টালিকা বা বিশাল চওড়া পিচঢালা রাস্তা বোঝেন হয়তো। অথচ প্রকৃত উন্নয়ন হলো মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, যা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যেখানে নদীর স্পন্দনই হলো এ দেশের অর্থনৈতিক ভিত্তি। তাই নদীকে মেরে ফেলে বা তার গতিপথ রুদ্ধ করে যে অবকাঠামো গড়া হয়, তা দীর্ঘস্থায়ী হয় না। মনে রাখতে হবে, নদী না থাকলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়, যা ভবিষ্যতে তীব্র পানির সংকট তৈরি করে। আবার পানির অভাব দেখা দিলে কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং শিল্প-কারখানাও অচল হয়ে পড়ে। নদীহীন উন্নয়নে বর্ষাকালে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়, ফলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। শহরাঞ্চলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হওয়া নদী ও খাল দখলেরই একটি অশুভ ফল।

আধুনিক বাস্তবতায় অনেকেই মনে করেন, সড়কপথের ওপর অতিরিক্ত চাপ কমিয়ে নৌপথকে শক্তিশালী করাই হলো টেকসই উন্নয়নের লক্ষণ। বাংলাদেশ সরকারকেও এ সত্য অনুধাবন করতে হবে। তার মানে এই নয় যে সড়ক খাত উন্নত হবে না। কিন্তু সেটিও যেন করা হয় নিয়ম মেনে, পরিবেশগত সমীক্ষা শেষে। মনে রাখতে হবে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে নদী ও জলাশয় রক্ষা করা একটি প্রধান শর্ত। কারণ নদী নাব্যতা হারালে কৃষি উৎপাদন ও উৎপাদনমুখী অনেক শিল্পের কাঁচামাল সংকট দেখা দেবে। খাদ্য ও উৎপাদন নিরাপত্তার স্বার্থেই নদীকে রক্ষা করতে হবে। দেশে নদী রক্ষার জন্য সমন্বিত সরকারি পরিকল্পনা ও সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্তের বিকল্প নেই। শুধু নীতিগত অবস্থান নয়, মাঠপর্যায়ের কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তাও এখানে অপরিসীম। নদীরক্ষায় সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি নদী ও তার গতিপথের ডিজিটাল মানচিত্র তৈরি করতে হবে। নদীর সীমানা নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব এড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নও জরুরি। বিশেষত জাতীয় বাজেটে সবসময় পরিবেশ ও নদী সংরক্ষণের জন্য বিশেষ বরাদ্দ রাখতে হবে।

আমরা জানি, নদী মরে যাওয়ার পেছনে অবৈধ পন্থায় বালি উত্তোলন একটি বড় সমস্যা। নদীতে যেন কোনোভাবেই অবৈধ পন্থায় বালি উত্তোলন কেউ না করতে পারে, সেজন্য তদারকি বাড়াতে হবে। এজন্য বিশেষায়িত তদারকি প্রতিষ্ঠান রয়েছে। সেগুলোকে শক্তিশালী করতে হবে। নদী দখলের পাশাপাশি দূষণও একটি বড় সমস্যা। নদীর দূষণ রোধে প্রতিটি শিল্পাঞ্চলে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি স্থাপন বাধ্যতামূলক করা জরুরি। এক ফোটা বিষাক্ত বর্জ্যও যেন নদীতে না মেশে, এ বিষয়ে সব পক্ষকে সজাগ থাকতে হবে। নদী তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে সবুজবেষ্টনী গড়ে তোলার বিষয়েও আলাদা করে ভাবতে হবে। মানুষকে নদীর সঙ্গে সম্পৃক্ত করার জন্য প্রাকৃতিক সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তীরের পাশে ফুটওয়াক নির্মাণ করলে অনেকের জন্য নদীর আশপাশের প্রকৃতি বিনোদনের কেন্দ্র হয়ে উঠবে। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে নদীর সঙ্গে জনসম্পৃক্ততা বাড়বে।

আমরা দেখছি, নদী কমিশন এখনো একটি সুপারিশকারী সংস্থা হয়েই আছে। কিন্তু আমরা প্রত্যাশা করি, এটি বিচারিক ক্ষমতাসম্পন্ন হয়ে উঠবে। আমাদের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর কিছু আন্তঃদেশীয় নদী রয়েছে। এসব নদীর পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে জোরালোভাবে দরকষাকষি করতে হবে। তাছাড়া নদী কমিশনকে শুধু সুপারিশকারী সংস্থা নয়, বরং বিচারিক ক্ষমতাসম্পন্ন সংস্থা করতে হবে। আন্তঃদেশীয় নদীগুলোর পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দরকষাকষি করতে হবে জোরালোভাবে। উজান থেকে আসা পলি ব্যবস্থাপনায় আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করা সরকারের দায়িত্ব। ড্রেজিং থেকে প্রাপ্ত বালি ও মাটি দিয়ে নতুন ভূমি গঠনের পরিকল্পনাও নিতে হবে। গ্রাম ও শহরের পয়োনিষ্কাশন ব্যবস্থা যেন নদীকে দূষিত না করে, চাই সে মহাপরিকল্পনা। নৌপথ পুনরুজ্জীবিত করে পণ্য পরিবহনে খরচ কমিয়ে আনা এবং পরিবেশ রক্ষা করা সম্ভব। নদীকে ঘিরে যারা জীবিকা অর্জন করেন তাদের জীবনমান উন্নয়নে নদীভিত্তিক বিশেষ অর্থনৈতিক জোন গঠন করা যেতে পারে। এ অর্থনৈতিক জোটকে নদী অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রাখতে হবে। আবার তাদের ঝুঁকি শনাক্ত করে পুনর্বাসনের বিষয়েও বাড়তি পদক্ষেপ নিতে হবে।

নদী রক্ষায় আইন বাস্তবায়নের বিকল্প নেই। পরিবেশ আইন লঙ্ঘনকারীদের বিশেষ ট্রাইব্যুনালের অধীনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সরকারকে প্লাস্টিক বর্জ্যের উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর আইন ও প্রয়োগ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে দেশের সব জলাশয় ও খালগুলোকে নদীর সঙ্গে পুনরায় সংযুক্ত করতে নিতে হবে বিশেষ পরিকল্পনা। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিবেশগত প্রভাব কঠোরভাবে যাচাইও সরকারের কর্তব্য। আমাদের উন্নয়ন ভাবনায় এখন জোর দিতে হবে সুনীল অর্থনীতি বা ‘ব্লু ইকোনমি’র ওপর। নদী শাসন নয় বরং নদীর স্বাভাবিক গতির সঙ্গে সংগতি রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে। নদীগুলোকে কেন্দ্র করে একটি মহাপরিকল্পনা বা ‘ডেল্টা প্ল্যান ২১০০’-এর সঠিক ও স্বচ্ছ বাস্তবায়ন সরকারের অন্যতম দায়িত্ব। নদীখনন ও নাব্যতা বৃদ্ধির মাধ্যমে বন্যার প্রকোপ কমানো সম্ভব। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করে কার্বন নিঃসরণ কমানোর বৈশ্বিক লড়াইয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। সৌরশক্তি ও বায়ুবিদ্যুতের মতো পরিবেশবান্ধব জ্বালানি নীতি গ্রহণ করে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনতে হবে। প্লাস্টিক বর্জ্য ও শিল্প দূষণ রোধে কঠোর আইন প্রয়োগ করে আমাদের বাস্তুসংস্থানকে পুনরুজ্জীবিত করাও জরুরি।

জলবায়ু পরিবর্তন আজ আর কেবল কোনো তাত্ত্বিক আলোচনা নয়, বরং বাংলাদেশের অস্তিত্বের জন্য এক বাস্তব ও চরম হুমকি। ভৌগোলিক অবস্থানের কারণে আমরা বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত, যেখানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং হিমালয়ের বরফ গলার প্রভাব সরাসরি দৃশ্যমান। প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর অসময়ে বন্যা আমাদের উপকূলীয় ও হাওর অঞ্চলের মানুষের জীবনকে তছনছ করে দিচ্ছে। এ মহাসংকট মোকাবেলায় একটি নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তনের প্রভাবকে জয় করে একটি টেকসই ও স্থিতিস্থাপক বাংলাদেশ গড়ে তোলা।


মুহাম্মদ মনির হোসেন: নদী গবেষক এবং চেয়ারম্যান, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন

আরও