সীমান্ত পেরিয়ে ডিজিটাল বাণিজ্য—সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আমাদের প্রস্তুতির নতুন বাস্তবতা

বর্তমান বিশ্বে বাণিজ্যের সংজ্ঞা দ্রুত বদলে যাচ্ছে। এক সময় আন্তর্জাতিক বাজারে প্রবেশ মানেই ছিল বড় পুঁজি, জটিল রফতানি কাঠামো এবং বিদেশী এজেন্টের ওপর নির্ভরতা। কিন্তু ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির ফলে সেই বাস্তবতার আমূল পরিবর্তিত হয়েছে। আজ একজন ক্ষুদ্র উদ্যোক্তাও শপিফাই, এটসি, আমাজন বা নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে বিদেশে পণ্য বিক্রি করতে পারেন। ক্রস-বর্ডার ই-কমার্স—অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশের ক্রেতার কাছে অনলাইনের মাধ্যমে পণ্য বা সেবা বিক্রি—আজ বৈশ্বিক বাণিজ্যের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে। এর ফলে ব্যবসা আর ভৌগলিক সীমারেখায় আবদ্ধ নেই; বরং একজন ক্ষুদ্র উদ্যোক্তাও এখন বৈশ্বিক বাজারে নিজের জায়গা করে নেয়ার সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশের জন্য এ পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে আমাদের রফতানি কাঠামো মূলত তৈরি পোশাক খাতনির্ভর, যেখানে বড় বড় আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতাদের ওপর নির্ভরশীলতা বেশি। আমাদের বর্তমান রফতানি কাঠামো মূলত বড় শিল্পের জন্য তৈরি। ফলে ক্ষুদ্র উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, কারিগর এবং জেলা পর্যায়ের ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে যেতে চাইলে অনেক বাধার মুখে পড়েন। কিন্তু ক্রস-বর্ডার ই-কমার্স এ নির্ভরতা ভেঙে দিয়ে একটি নতুন দিগন্ত উন্মোচন করছে—যেখানে ছোট ও মাঝারি উদ্যোক্তারা সরাসরি আন্তর্জাতিক ক্রেতার কাছে পৌঁছতে পারেন। এখন একজন তরুণ উদ্যোক্তা, এমনকি একজন গৃহিণীও একটি অনলাইন প্ল্যাটফর্ম বা সামাজিক মাধ্যমের পেজের মাধ্যমে নিজের ব্র্যান্ড তৈরি করে ইউরোপ, উত্তর আমেরিকা বা মধ্যপ্রাচ্যের ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারেন—যা কয়েক বছর আগেও কল্পনাতীত ছিল।

বিশ্ব বাণিজ্যের সাম্প্রতিক প্রবণতাও এ পরিবর্তনের পক্ষে কথা বলছে। ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক বাণিজ্য এবং অনলাইন সেবার বিস্তারের ফলে বৈশ্বিক বাণিজ্যে নতুন মাত্রা যুক্ত হয়েছে। বিশেষ করে ডিজিটালি ডেলিভারেবল পণ্য ও সেবার চাহিদা দ্রুত বাড়ছে, যা উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশও যদি সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে, তাহলে ক্রস-বর্ডার ই-কমার্স আগামী দিনে রফতানি খাতের একটি শক্তিশালী স্তম্ভ হয়ে উঠতে পারে।

বাংলাদেশের পণ্যের বৈচিত্র্য ও বৈশিষ্ট্য এ খাতে একটি বড় শক্তি। তৈরি পোশাকের পাশাপাশি হস্তশিল্প, চামড়াজাত পণ্য, পাটভিত্তিক পরিবেশবান্ধব পণ্য, হোম ডেকর আইটেম, দেশীয় ফ্যাশন ব্র্যান্ড, এমনকি অর্গানিক খাদ্যপণ্য—এসবের আন্তর্জাতিক বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। বিশেষ করে বৈশ্বিক বাজারে ‘সাসটেইনেবল’ এবং ‘এথিক্যালি সোর্সড’ পণ্যের প্রতি আগ্রহ বাড়ছে। বাংলাদেশের পাটজাত পণ্য বা হস্তনির্মিত পণ্যের মধ্যে সেই গল্প, সেই স্বকীয়তা এবং সেই মূল্যবোধ রয়েছে—যা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে একটি আলাদা আকর্ষণ তৈরি করতে পারে।

তবে সম্ভাবনার পাশাপাশি বাস্তব চ্যালেঞ্জগুলোও কম নয়। প্রধান সমস্যাগুলো:

প্রক্রিয়ার জটিলতা: ছোট শিপমেন্টের জন্যও অনেক সময় বড় রফতানির মতো জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যা উদ্যোক্তাদের নিরুৎসাহিত করে।

সমন্বয়ের ঘাটতি: কাস্টমস, কুরিয়ার, ব্যাংক ও রেগুলেটরদের মধ্যে ডিজিটাল সমন্বয় না থাকায় সময় ও খরচ বৃদ্ধি পায়।

কাঠামোগত সহায়তার অভাব: ঢাকার বাইরের একজন উদ্যোক্তা কীভাবে “এক্সপোর্ট রেডি” হবেন, তার কোনো সুনির্দিষ্ট কাঠামো এখনো নেই।

ডিজিটাল মনিটরিং দুর্বলতা: সরকার, ব্যাংক ও কাস্টমসের মধ্যে ডিজিটাল ভিজিবিলিটি এখনো পর্যাপ্ত নয়।

আন্তর্জাতিক মান বজায় রাখা এখন সবচেয়ে বড় শর্ত। পণ্যের গুণগত মান, প্যাকেজিং, ব্র্যান্ডিং এবং গ্রাহক অভিজ্ঞতা—সবকিছুতেই বিশ্বমান নিশ্চিত করতে হবে। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা শুধু দামের ওপর নির্ভর করে না; বরং বিশ্বাসযোগ্যতা ও ব্র্যান্ড ইমেজ এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ।

লজিস্টিকস ও ডেলিভারি ব্যবস্থা এখনো বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক কুরিয়ার খরচ তুলনামূলক বেশি, ডেলিভারি সময় দীর্ঘ এবং অনেক ক্ষেত্রে ট্র্যাকিং ও রিটার্ন ব্যবস্থাও সীমিত। অথচ বৈশ্বিক ই-কমার্সে দ্রুত ডেলিভারি এবং সহজ রিটার্ন পলিসি গ্রাহক সন্তুষ্টির মূল নির্ধারক। এ জায়গায় আমাদের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি।

আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার সীমাবদ্ধতা উদ্যোক্তাদের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে, কারেন্সি কনভার্সন, বৈদেশিক লেনদেনের নিয়ম—এসব বিষয় অনেক সময় জটিল হয়ে ওঠে, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য। এর ফলে অনেকেই তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীল হয়ে পড়েন, যা তাদের লাভের মার্জিন কমিয়ে দেয় এবং ব্র্যান্ডের উপর নিয়ন্ত্রণও সীমিত করে।

ভারত এ সমস্যা সমাধানে ই-কমার্স এক্সপোর্ট হাব চালু করেছে, যেখানে কাস্টমস, প্যাকেজিং ও শিপিং সহায়তা এক জায়গায় পাওয়া যায়। তারা পোস্ট অফিস নেটওয়ার্ককে মাইক্রো-এক্সপোর্ট সাপোর্ট সিস্টেম হিসেবে ব্যবহার করছে এবং পেমেন্ট ও শিপিংয়ের জন্য ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারত এলসি ছাড়াই ক্ষুদ্র ডিজিটাল রফতানির জন্য আলাদা রেগুলেশন তৈরি করেছে, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশকে অনেক সহজ করেছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য একটি সুসংগঠিত ও বাস্তবমুখী কাঠামো অত্যন্ত জরুরি। বাংলাদেশ শূন্য থেকে শুরু করছে না; আমাদের কাছে ইতোমধ্যে Asycuda World এবং Bangladesh Single Window-এর মতো ডিজিটাল ভিত্তি রয়েছে। এখন প্রয়োজন এর সঙ্গে পেমেন্ট ও পোস্টাল সেবার কার্যকর সমন্বয়।

আমাদের প্রস্তাবিত “ডিজিটাল ক্রস-বর্ডার ট্রেড ফ্যাসিলিটেশন ফ্রেমওয়ার্ক”-এর ৫টি মূল ভিত্তি হতে পারে—

ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক: বাংলাদেশ ব্যাংকের অধীনে ক্ষুদ্র রফতানির জন্য লাইসেন্সকৃত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা।

সরলীকৃত রফতানি ধাপ (টিয়ার-বেসড কমপ্লায়েন্স): মাইক্রো ও স্মল এক্সপোর্টের জন্য ডিজিটাল ইনভয়েস ও অর্ডার প্রুফের ভিত্তিতে সহজ কমপ্লায়েন্স ব্যবস্থা চালু করা।

ই-কমার্স এক্সপোর্ট হাব: ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনায় পাইলট হাব স্থাপন, যেখানে প্যাকেজিং, লেবেলিং এবং কাস্টমস সাপোর্ট এক জায়গায় পাওয়া যাবে।

পোস্টাল এক্সপোর্ট ফ্যাসিলিটেশন: জেলা পর্যায়ের ডাকঘরগুলোকে “এক্সপোর্ট গেটওয়ে” হিসেবে গড়ে তোলা, যাতে প্রান্তিক উদ্যোক্তারাও সহজে আন্তর্জাতিক শিপমেন্ট করতে পারেন।

সাপোর্ট ইকোসিস্টেম: রিটার্ন পলিসি, রি-ইমপোর্ট সুবিধা এবং নারী উদ্যোক্তাদের জন্য জেলাভিত্তিক ট্রেনিং ও সহজ ঋণের ব্যবস্থা নিশ্চিত করা।

এই কাঠামো বাস্তবায়িত হলে হাজার হাজার ক্ষুদ্র উদ্যোক্তা ফরমাল রপ্তানি ব্যবস্থায় আসতে পারবেন। এতে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন খাত তৈরি হবে এবং জেলা পর্যায়ের অর্থনীতি শক্তিশালী হবে। এটি শুধু একটি ই-কমার্স প্রস্তাবনা নয়; বরং একটি ন্যাশনাল এক্সপোর্ট ডেমোক্রেটিজেশন মডেল।

একই সঙ্গে উদ্যোক্তাদের মানসিকতার পরিবর্তনও অপরিহার্য। শুধুমাত্র পণ্য বিক্রির চিন্তা থেকে বের হয়ে একটি আন্তর্জাতিক মানের ব্র্যান্ড গড়ে তোলার দিকে নজর দিতে হবে। গ্রাহক সেবা, যোগাযোগ দক্ষতা, রিটার্ন পলিসি, পণ্যের গল্প—সবকিছুতেই পেশাদারিত্ব আনতে হবে। কারণ বৈশ্বিক বাজারে সফল হতে হলে একটি পণ্যের পেছনের গল্প, তার বিশ্বাসযোগ্যতা এবং গ্রাহকের অভিজ্ঞতা—এই তিনটি বিষয়ই সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয়।

সবশেষে বলা যায়, ক্রস-বর্ডার ই-কমার্স বাংলাদেশের জন্য একটি গেম-চেঞ্জার হতে পারে। এটি শুধু একটি বিক্রয় মাধ্যম নয়; বরং একটি নতুন অর্থনৈতিক বাস্তবতা—যেখানে ক্ষুদ্র উদ্যোক্তাও বৈশ্বিক খেলোয়াড়ে পরিণত হতে পারেন। সঠিক নীতি, প্রযুক্তিগত প্রস্তুতি, দক্ষ মানবসম্পদ এবং দূরদর্শী পরিকল্পনা থাকলে এই খাত দেশের রফতানি অর্থনীতিতে নতুন গতি এনে দিতে পারে।

এখন সময় “মেড ইন বাংলাদেশ”কে শুধু একটি লেবেল হিসেবে নয়, বরং একটি বৈশ্বিক আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করার। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি ব্যবস্থা যেখানে একজন ক্ষুদ্র উদ্যোক্তাও গর্ব করে বলতে পারেন— “আমি ক্ষুদ্র, কিন্তু আমি এখন গ্লোবাল।” আর সেই পথচলার অন্যতম শক্তিশালী হাতিয়ার হতে পারে ক্রস-বর্ডার ই-কমার্স, যা আমাদের অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক, বহুমুখী এবং ভবিষ্যতমুখী করে তুলতে সক্ষম।

সাকিফ শামীম: অর্থনীতিবিদ; ম্যানেজিং ডিরেক্টর, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ল্যাবএইড গ্রুপ

আরও