রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিল করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নতুন নীতিমালায় বিশেষ দক্ষতা, পেশাগত যোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা ও সুনামসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এমডি পদের অব্যবহিত আগের পদে দুই বছরের অভিজ্ঞতা থাকার বাধ্যবাধকতা শিথিল করার সুযোগ রাখা হয়েছে। ফলে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে দুই বছরের অভিজ্ঞতা না থাকলেও যোগ্য কর্মকর্তাদের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি পদে নিয়োগের জন্য বিবেচনার সুযোগ তৈরি হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নতুন নীতিমালায় গত ২৬ জুলাই জারি করা নীতিমালাটি রহিত করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি বা সিইও পদে নিয়োগের জন্য প্রার্থীকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সক্রিয় কর্মকর্তা হিসেবে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। পাশাপাশি তাঁকে বর্তমানে বা আগে কোনো ব্যাংকের এমডি বা সিইও পদে কর্মরত থাকতে হবে, অথবা ওই পদের অব্যবহিত আগের পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে বিশেষ দক্ষতা, পেশাগত যোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা ও সুনামসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে এ দুই বছরের অভিজ্ঞতার শর্ত শিথিল করা যাবে।
এমডি পদে নিয়োগের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া প্রার্থীর চাকরিজীবনের সব পর্যায়ে সততা, সুনাম ও সন্তোষজনক কর্ম-রেকর্ড থাকতে হবে। তথ্যপ্রযুক্তি নিরাপত্তা, সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা এবং অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন মোকাবেলা সম্পর্কেও পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
নতুন নীতিমালায় এমডি নিয়োগের প্রক্রিয়ায় বাছাই কমিটির সুপারিশ, প্রার্থীর গোয়েন্দা প্রতিবেদন ও দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন পর্যালোচনার বিধান রাখা হয়েছে। বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে প্রার্থী মনোনয়ন দেয়া হবে। এরপর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের সম্মতিক্রমে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে।
এদিকে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি পদে পদোন্নতির ক্ষেত্রে ডিএমডি পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসহ নবম গ্রেড থেকে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতার শর্ত বহাল রাখা হয়েছে। ফলে অভিজ্ঞতার শর্ত শিথিলের সুযোগটি সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি পদের জন্য সমানভাবে প্রযোজ্য নয়।
নীতিমালায় এমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ তিন বছর নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে সরকার ও পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী পুনর্নিয়োগের বিষয়টি বিবেচনা করা যাবে।
প্রসঙ্গত, রাষ্ট্রমালিকানাধীন নয়টি ব্যাংকের মধ্যে বর্তমানে তিনটিতে এমডি পদ শূন্য রয়েছে। গত ২ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের এমডিদের চুক্তি বাতিল করে সরকার। এরপর নতুন করে এ পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, রূপালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি পদেও পরিবর্তন আনা হবে বলে গত ছয় মাস ধরে গুঞ্জন চলছে। কিন্তু বিদ্যমান ডিএমডিদের মধ্যে এমডি পদে উপযুক্ত ব্যক্তি খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত নীতিমালাই সংশোধন করা হয়েছে বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন।