‘প্রাথমিক শিক্ষায় উত্তম প্রয়োগ: আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘প্রাথমিক শিক্ষায় উত্তম প্রয়োগ: আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনের সম্মেলন কক্ষে সকাল ১১টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গণসাক্ষরতা অভিযান ও নেটজ বাংলাদেশ যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে, যার মূল উদ্দেশ্য হলো হার্ড টু রিচ এলাকার প্রাথমিক শিক্ষায় উত্তম প্রয়োগ।

গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক, তপন কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের কোষাধ্যক্ষ এবং নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা জ্যোতি এফ গোমেজ।

সভায় হার্ড-টু-রিচ (দুর্গম) এলাকার প্রাথমিক শিক্ষায় ভালো ফল করার জন্য কিছু কার্যকর কৌশল অবলম্বন করার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। এর মধ্যে রয়েছে স্থানীয় চাহিদা অনুযায়ী শিক্ষা উপকরণ সরবরাহ করা, শিক্ষকদের প্রশিক্ষণ এবং অনলাইন শিক্ষার সুযোগ তৈরি করা। এছাড়াও কমিউনিটির সহযোগিতা ও স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং বিদ্যালয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি করার প্রতিও বক্তারা গুরুত্বারোপ করেন।

গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক ড. মোসাম্মাৎ ফাহমিদা বেগম, উপপরিচালক, ব্যুরো অব নন-ফরমাল এডুকেশন (বিএনএফই)। তিনি বলেন, সাধারণ শিক্ষাদান পদ্ধতিতে গুণগত গবেষণা (কোয়ালিটিটিভ রিসার্চ) অন্তর্ভুক্ত করা উচিত। তিনি জানান, ব্যুরো অব নন-ফরমাল এডুকেশন এরই মধ্যে প্রশিক্ষণ কোর্স পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে অনলাইন কিউআর কোডের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, দুর্গম এলাকাগুলোর শিক্ষার্থীদের স্কুলভীতি দূর করে সেখানে পৌঁছাতে হবে, যাতে তারা জ্ঞানীয় বিকাশ, সামাজিকীকরণ ও মস্তিষ্কের বিকাশের মাধ্যমে আলোকিত হয়ে উঠতে পারে।

এছাড়াও গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাপস কুমার বিশ্বাস (আইইআর), ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, সেমিনারে উপস্থাপিত গবেষণা পদ্ধতিটি অত্যন্ত বিস্তৃত ও গভীরতাসম্পন্ন। প্রাথমিক শিক্ষায় মাতৃভাষা ও দেশপ্রেমকে অগ্রাধিকার দেয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ক্লাসরুমে প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির (আইসিটি) ব্যবহার চর্চা করা উচিত।

নেটজ বাংলাদেশের পরিচালক শহিদুল ইসলাম হার্ড টু রীচ এলাকার প্রাথমিক শিক্ষায় উত্তম প্রয়োগ শীর্ষক সমীক্ষা সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বলেন এই সমীক্ষার মূল লক্ষ্য হলো, হার্ড টু রিচ এলাকায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে গৃহীত উত্তম প্রয়োগসমূহ (গুড প্র্যাকটিসেস) শনাক্ত করা এবং এসব প্রয়োগের প্রভাব, কার্যকারিতা ও টেকসইতা বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা।

মতবিনিময় সভায় হার্ড টু রিচ এলাকার প্রাথমিক শিক্ষায় উত্তম প্রয়োগ বিষয়ে কী-নোট পেপার উপস্থাপন করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সায়রা হোসেন।

সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণসাক্ষরতা অভিযানের কাউন্সিল প্রতিনিধি, এডুকেশন ওয়াচের প্রতিনিধি, শিক্ষক সংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক সংগঠন, ব্র্যাক, রুম টু রিড, এডুকো, প্ল্যান ইন্টারন্যাশনাল-বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন-বাংলাদেশ, ফ্রেন্ডশীপ, সিসিম ওয়ার্কশপ বাংলাদেশ, ইএসডিও, সুরভি, নেটজ বাংলাদেশের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীসহ প্রায় ৮০ জন অংশগ্রহণকারী অংশ নেন। —বিজ্ঞপ্তি

আরও