দেড় বছরের মধ্যে সব আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন চালু হবে : গভর্নর

লেনদেনে স্বচ্ছতা আনতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। এ ব্যবস্থার মাধ্যমে লেনদেনে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি রাজস্ব সংগ্রহ বাড়বে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আগামী দেড় বছরের মধ্যে ব্যাংক, এমএফএস, বীমা, আর্থিক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসহ দেশের সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন চালু হবে। এতে করে নগদ লেনদেনের চাহিদা অনেক কমে যাবে। টাকা ক্যাশ আউটের প্রয়োজন হবে না।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ‘ইনস্ট্যান্ট পেমেন্ট ইন বাংলাদেশ: আনভেইলিং ইনক্লুশন অপারচুনিটিজ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংক ও গেটস ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। দেশে আন্তঃলেনদেন প্লাটফর্ম (ইন্টারঅপারেবল ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বা আইআইপিএস) প্রতিষ্ঠার বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা চুক্তি (এমওইউ) বিষয়ে জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গেটস ফাউন্ডেশনের সহায়তায় তৈরি আন্তঃলেনদেনের উন্মুক্ত সফটওয়্যার মোজালুপের সহায়তায় এ প্ল্যাটফর্ম চালু করা হবে।

অনুষ্ঠানে গভর্নর বলেন, লেনদেনে স্বচ্ছতা আনতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। এ ব্যবস্থার মাধ্যমে লেনদেনে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি রাজস্ব সংগ্রহ বাড়বে। ক্ষুদ্রঋণ সংস্থাসহ সব প্রতিষ্ঠানকে একই চ্যানেলের আওতায় নিয়ে আসা হবে। শিগগিরই এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হবে।

ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতায় চলতি মাসের ১ তারিখ থেকে দেশে আইআইপিএস চালু করা হলেও বিকাশসহ দেশের অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠান এ সেবায় অংশগ্রহণ করেনি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সিস্টেমটি চালু হলেও এখনো অনেক প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করেনি। গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক নতুন প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে। ২০২৭ সালের জুলাই মাসের মধ্যে এ প্ল্যাটফর্ম পুরোপুরি চালু করার পরিকল্পনা রয়েছে। আশা করি নতুন প্ল্যাটফর্মে সবাই আসবে। এর মাধ্যমে সব ধরনের লেনদেন ক্যাশলেস করা সম্ভব হবে। আমাদের পুরো লেনদেন ব্যবস্থাকে ক্যাশলেস হিসেবে গড়ে তুলতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরো বক্তব্য রাখেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান, গেটস ফাউন্ডেশনের অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার (আইএফএস) পরিচালক মাইকেল উইগ্যান্ড ও বাংলাদেশ কান্ট্রি লিড স্নিগ্ধা আলী এবং বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের (পিএসডি) পরিচালক মো. শরাফত উল্লাহ খান প্রমুখ।

আরও