দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের বাড়তি আমদানি অব্যাহত থাকায় চলতি সপ্তাহের শুরু থেকেই দাম নিম্নমুখি রয়েছে। মাত্র একদিনের ব্যবধানে সেখানে আবারো পেঁয়াজের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা কমেছে। মসলা জাতীয় নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার ও নিম্ন আয়ের মানুষ।
হিলি স্থলবন্দর কার্যালয় সুত্রে জানা গেছে, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে, দাম আগের তুলনায় কমতির দিকে রয়েছে। একদিন আগে বন্দরে ইন্দোর জাতের প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) ৩২ টাকা থেকে ৩৩ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া নতুন নগর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৩ টাকা কেজি দরে, নাসিক জাতের পেঁয়াজ ৩৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী মোজাম হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে। একইভাবে দেশের অন্যান্য বন্দরগুলো দিয়ে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি কম হওয়ার কারণে বাজারে দেশীয় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছিল সেটিও আবার কমে এসেছে। আমদানিকৃত পেঁয়াজের চাহিদা কমার কারণে দাম কমছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গত সপ্তাহে বন্দর দিয়ে যেখানে পেঁয়াজের আমদানি ২ থেকে ৫ ট্রাকে নেমেছিল সেটি চলতি সপ্তাহের শুরু থেকেই ২০ থেকে ২৫ ট্রাকে উঠেছে। গতকাল বৃহস্পতিবার বন্দর দিয়ে ২৪টি ট্রাকে ৬৮৬টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচামাল তাই এটি যেন প্রক্রিয়া শেষে বন্দর থেকে আমদানিকারকরা দ্রুত খালাস করে নিতে পারেন সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।