এ চুক্তির আওতায় স্কয়ার টয়লেট্রিজের দেশব্যাপী পরিবেশকদের জন্য একটি কাস্টমাইজড রিসিভেবলস ম্যানেজমেন্ট সলিউশন চালু করা হবে। প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের এরিয়া হেড সাজিদ রহমান ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রাশেদুল হুসাইন এবং স্কয়ার টয়লেট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর এফসিএমএ মো. গোলাম কিবরিয়া ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোবারক হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় স্কয়ার টয়লেট্রিজের পরিবেশকরা ইউনিক ভার্চুয়াল অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এর ফলে প্রতিটি লেনদেন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও ট্র্যাক করা সম্ভব হবে। একই সঙ্গে রিসিভেবলসের ম্যানুয়াল ম্যাচিংয়ের প্রয়োজনীয়তা কমবে এবং লেনদেনের হিসাব সমন্বয় বা রিকনসিলিয়েশনের সময়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
ডিজিটাল প্রযুক্তিনির্ভর এ সমাধানের মাধ্যমে স্কয়ার টয়লেট্রিজের পেমেন্ট সংগ্রহ ও হিসাব সমন্বয় প্রক্রিয়া আরো সহজ ও কার্যকর হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির দেশব্যাপী বিতরণ নেটওয়ার্কে লেনদেনের স্বচ্ছতা এবং আর্থিক কার্যক্রমের ওপর নজরদারি বাড়বে।
এ অংশীদারত্বের মাধ্যমে করপোরেট গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন প্রদানে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতি আরো জোরদার হলো বলে জানিয়েছে ব্যাংকটি।