বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রস্তুতির অংশ হিসেবে ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স) ইন্ডিয়া সফর করছেন দেশের শীর্ষস্থানীয় নয়টি ব্রোকারেজ হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির উদ্যোগে গত ৩০ আগস্ট থেকে মুম্বাইয়ে অবস্থান করছে সিএসইর ব্রোকারদের এ প্রতিনিধি দল। কমোডিটি এক্সচেঞ্জ ও ডেরিভেটিভস ট্রেডিংয়ের ব্যবসায়িক মডেল, পরিচালন পদ্ধতি ও ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনই এ সফরের মূল উদ্দেশ্য।
সিএসই সূত্রে জানা গেছে, বাংলাদেশে প্রথমবারের মতো সিএসইর ব্রোকারদের একটি প্রতিনিধি দল কমোডিটি ডেরিভেটিভস ট্রেডিংয়ের কার্যক্রম সরজমিন পরিদর্শন করছে। সফরের অংশ হিসেবে বিভিন্ন ব্রোকারেজ হাউজে কমোডিটি ডেরিভেটিভস ট্রেডিংয়ের নিয়ম, প্রক্রিয়া, পরিচালন কাঠামো এবং এক্সচেঞ্জ ও ব্রোকারের মধ্যকার কার্যক্রম সম্পর্কে ধারণা নিচ্ছেন প্রতিনিধি দলের সদস্যরা।
সফরের প্রথম দিন মুম্বাইয়ের দ্য ললিত মুম্বাইয়ের সভাকক্ষে ‘অপারেশনাল আসপেক্টস অব কমোডিটি ডেরিভেটিভস: আ ব্রোকারেজ পার্সপেক্টিভ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। চেলা সফট প্রাইভেট লিমিটেড আয়োজিত এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন এমসিএক্স ইন্ডিয়ার সাবেক চিফ রিস্ক ম্যানেজমেন্ট অফিসার গীতেশ শাহ ও চেলা সফটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্বাইয়া রাজাগোপাল। এতে এমসিএক্স ইন্ডিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ম্রুগাঙ্ক পারাঞ্জ্যাপেও অংশ নেন।
কর্মশালায় কমোডিটি ডেরিভেটিভস মার্কেটের পরিচালন কাঠামো, ব্রোকারেজ পর্যায়ে লেনদেন পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স ও সংশ্লিষ্ট প্রযুক্তিগত অবকাঠামো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কমোডিটি ডেরিভেটিভস ব্যবসায় ব্রোকারেজ হাউজগুলোর ভূমিকা ও কার্যক্রম সম্পর্কেও ধারণা দেয়া হয়।
এর ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর এমসিএক্স ইন্ডিয়ার কার্যালয় পরিদর্শন করেন সিএসই প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে ‘অপারেশনাল প্রসিডিউরস: এক্সচেঞ্জ-টু-ব্রোকার ইন্টারফেস’ বিষয়ে উপস্থাপনা পর্বে অংশ নেন তারা। পরে এমসিএক্সসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও এমসিএক্সের সাবেক চিফ বিজনেস অফিসার ঋষি নাথানির সঙ্গে বৈঠক করে সিএসই প্রতিনিধি দল।
সিএসইর উপমহাব্যবস্থাপক একেএম শাহরোজ আলম ও সহকারী মহাব্যবস্থাপক মো. ফয়সাল হুদার নেতৃত্বে এ সফরে অংশ নিচ্ছেন লংকাবাংলা সিকিউরিটিজ, ওয়ান সিকিউরিটিজ, বি রিচ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, পূবালী ব্যাংক সিকিউরিটিজ, ইউসিবি স্টক ব্রোকারেজ, আইল্যান্ড সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ ও এনএলআই সিকিউরিটিজের ঊর্ধ্বতন কর্মকর্তারা।