আইপিও প্রক্রিয়া আরো কার্যকর করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা এবং আইনগত সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানায় সংস্থাটি।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কমিশনার, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সিএফএ সোসাইটি বাংলাদেশ, মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার ও বাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’-এর আলোকে আইপিও-সংক্রান্ত আর্থিক বিবরণী প্রস্তুত, নিরীক্ষা ও আবেদন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নিরীক্ষক, ইস্যু ম্যানেজার ও ইস্যুয়ারদের ভূমিকা ও দায়বদ্ধতা, আইপিও প্রক্রিয়াকে আরো কার্যকর ও বিনিয়োগকারীবান্ধব করার উপায় নিয়েও মতবিনিময় করা হয়।
এছাড়া আইপিওর মূল্য নির্ধারণ, পাবলিক ইন্টারেস্ট এনটিটির তালিকাভুক্তি, ডাইরেক্ট লিস্টিং, রাইট ইস্যুসহ পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা আইপিও প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জ, বাস্তব অভিজ্ঞতা ও সম্ভাব্য সংস্কার নিয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
সভায় বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার তানজীর হাবিব রহমান, কমিশনার নাহিদ মাহতাব ও কমিশনার মো. নাফিজ আল তারিক উপস্থিত ছিলেন।
এছাড়া ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সভাপতি সাব্বির আহমেদ ও সহসভাপতি আরিফুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম ও সিনিয়র সহসভাপতি মো. মনিরুজ্জামান সভায় উপস্থিত ছিলে।
সভায় অংশ নেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মুজহাত আনোয়ার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখার আলম, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের নির্বাহী পরিচালক মো. তারেক তামাসসহ বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার ও বাজার-সংশ্লিষ্টরা।