টোকিওতে বিমান দুর্ঘটনায় ১০ কোটি ডলার ক্ষতির মুখে জাপান এয়ারলাইনস

চলতি সপ্তাহে টোকিওর হানেদা বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় অন্তত ১০ কোটি ডলার আর্থিক ক্ষতির মুখে পড়েছে জাপান এয়ারলাইনস।

চলতি সপ্তাহে টোকিওর হানেদা বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় অন্তত ১০ কোটি ডলার আর্থিক ক্ষতির মুখে পড়েছে জাপান এয়ারলাইনস। দেশটির সরকারি উড়োজাহাজ চলাচল সংস্থাটি গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

২ জানুয়ারি জাপানের টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় কোস্ট গার্ডের বিমানের সঙ্গে ধাক্কা লেগে এ৩৫০ নামের একটি যাত্রবাহী উড়োজাহাজে আগুন লেগে যায়। এ দুর্ঘটনায় কোস্ট গার্ডের বিমানটির পাঁচ ক্রুর মৃত্যু হয়। তবে প্রাণে বেঁচে যায় জাপান এয়ারলাইনসে থাকা ৩৭৯ জন যাত্রী। উড়োজাহাজটিতে আগুন লাগার পর সব যাত্রীকে নিরাপদে বের করে আনতে ১৮ মিনিট লেগেছিল। ওই দুর্ঘটনায় পুড়ে যায় এ৩৫০ নামের বিমানটি।

জাপান এয়ারলাইনসের ওই উড়োজাহাজ ইস্যুকৃত বীমা ইন্স্যুরেন্সের পরিমাণ ছিল ১৩ কোটি ডলার। তবে এ ব্যাপারে জাপান এয়ারলাইনসের বীমাকারী প্রতিষ্ঠান এআইজির তৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া বিমান আগুনে পুড়ে যাওয়ায় ২ দশমিক ৪ শতাংশ শেয়ার কমেছে বলে জানিয়েছে এয়ারলাইনস কর্তৃপক্ষ।

এদিকে আগুন লাগার পর হানেদা বিমানবন্দরের ১৩০টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে কোনো আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়নি বলে নিশ্চিত করেছে বিমানবন্দরসংশ্লিষ্টরা। বিমানবন্দরটির মোট চারটি রানওয়ে রয়েছে। দুর্ঘটনার পর তদন্ত ও অন্যান্য কারণ খতিয়ে দেখতে একটি রানওয়ে বন্ধ রাখা হয়েছে।

ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তের পর ক্ষতিগ্রস্ত রানওয়ে মেরামত করা হবে। তবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না কবে নাগাদ রানওয়েটি আবার চালু হবে। এ কারণে জাপান এয়ারলাইনস ও অল নিপ্পন এয়ারওয়েজ পূর্ব নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করবে।

অল নিপ্পন এয়ারওয়েজ গতকাল জানায়, কানসাই ও হোক্কাইদো থেকে হানেদাগামী ৬৫টি ফ্লাইট বাতিল করা হবে। প্রায় ১৫ হাজার ৪০০ যাত্রী বিপাকে পড়বেন। এদিকে জাপান এয়ারলাইনস জানায়, ৬৮টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হবে। এসব উড়োজাহাজে যাত্রীসংখ্যা প্রায় ১৩ হাজার।

এছাড়া জাপান এয়ারলাইনস শুধু দুর্ঘটনার দিন ৯৮টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। এতে প্রায় ১৭ হাজার যাত্রী বিপাকে পড়েছেন। অল নিপ্পন এয়ারলাইনস ওই দিন ১১৯টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। এসব উড়োজাহাজে যাত্রীসংখ্যা ছিল ২৫ হাজার ৭৭০জন।

আরও