নারী নির্বাহী বাড়াতে চায় হুন্দাই মোটর ইন্ডিয়া

২০৩০ সালের মধ্যে প্রতিষ্ঠানের নির্বাহী কর্মীদের ২০ শতাংশ নারী করার পরিকল্পনা করেছে কোম্পানিটি।

নির্বাহী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই মোটর ইন্ডিয়া লিমিটেড (এইচএমআইএল)। ২০৩০ সালের মধ্যে প্রতিষ্ঠানের নির্বাহী কর্মীদের ২০ শতাংশ নারী করার পরিকল্পনা করেছে কোম্পানিটি। বর্তমানে চার হাজারের বেশি নির্বাহী কর্মীর মধ্যে নারীর অংশগ্রহণ ৮ শতাংশের কিছু বেশি। খবর দ্য হিন্দু।

হুন্দাই মোটর ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তরুণ গর্গ এ তথ্য জানান। তিনি বলেন, ‘ভিন্ন অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও দক্ষতার মানুষকে একসঙ্গে কাজের সুযোগ দিলে আরো শক্তিশালী দল তৈরি হয়। এতে উদ্ভাবন বাড়ে ও প্রতিষ্ঠান আরো স্থিতিশীল হয়।’ কোম্পানিটি জানায়, ২০২৬ সালে নিয়োগ পাওয়া ম্যানেজমেন্ট ট্রেইনি ও ইঞ্জিনিয়ার ট্রেইনিদের প্রায় ৪৫ শতাংশই নারী।

নতুন প্রজন্মের কর্মীদের মধ্যে নারীর এ অংশগ্রহণ ভবিষ্যতে নির্বাহী পর্যায়ে নারীর সংখ্যা বাড়াতে সহায়তা করবে বলে মনে করছে হুন্দাই।

তরুণ গর্গ বলেন, ‘২০৩০ সালের মধ্যে নির্বাহী পর্যায়ে ২০ শতাংশ নারী নিশ্চিত করার লক্ষ্য প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি কর্মী কৌশলের অংশ। এর মাধ্যমে নারীদের জন্য আরো বেশি সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে দক্ষ কর্মী তৈরির প্রক্রিয়া শক্তিশালী করা হবে। কর্মীদের নিজেদের সক্ষমতা অনুযায়ী এগিয়ে যাওয়ার পরিবেশও তৈরি করা হবে।’

কোম্পানির মতে, বিভিন্ন শিল্পে দক্ষ নারী পেশাজীবীদের অংশগ্রহণ বাড়ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে নারী কর্মীদের বিকাশের সুযোগ তৈরি করতে চায় হুন্দাই মোটর ইন্ডিয়া।

আরও