দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া ৭৮ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ডলার মূল্যের রাবার ও রাবার জাতীয় পণ্য রফতানি করেছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে এ রফতানি করেছে দেশটি। ২০২২ সালের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে ৭৪ দশমিক ৫ শতাংশ। দেশটির কাস্টমস ও জেনারেল ডিপার্টমেন্টের (জিডিসিই) সর্বশেষ প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। খবর খামির টাইমস।
বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, মাত্র এক বছরের ব্যবধানে দেশটির রাবার খাতের এ প্রবৃদ্ধি ঈর্ষণীয়। কারণ কম্বোডিয়া ২০২২ সালের প্রথম ১১ মাসে ৪৫ কোটি ২৬ লাখ ৫০ হাজার ডলার সমমূল্যের রাবার পণ্য রফতানি করেছিল।
সর্বশেষ তথ্যে আরো দেখা গেছে, শুধু ২০২৩ সালের নভেম্বরেই ১১ কোটি ৪০ লাখ ডলার মূল্যের রাবার রফতানি করেছে কম্বোডিয়া। আর ২০২২ সালের একই মাসে এসেছিল ৫ কোটি ৬০ লাখ ডলার। এ হিসেবে মাসটিতে রফতানি প্রবৃদ্ধি এসেছে ১০৩ দশমিক ৯ শতাংশ।
তথ্যমতে, ২০২২ সালের শেষের দিকে দেশটি থেকে রাবার রফতানি বাড়তে শুরু করে, যা ২০২৩ সালজুড়ে অব্যাহত ছিল। কম্বোডিয়া ২০২২ সালে মোট ৫৪ কোটি ১৬ লাখ ৬০ হাজার ডলারের রাবার ও রাবার পণ্য রফতানি করেছিল, যা আগের বছরের তুলনায় ২৮ দশমিক ৩ শতাংশ বেড়েছিল। চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত ও ইউরোপীয় দেশগুলোই কম্বোডিয়ান রাবারের শীর্ষ আমদানিকারক।