কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত প্রসারের সুফল পাচ্ছে ভিয়েতনাম। দেশটিতে এআই-নির্ভর ডেটা সেন্টার ও অন্যান্য প্রযুক্তিপণ্যের চাহিদা বাড়ায় রফতানি ও আমদানি দুটোই বেড়েছে। চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) দেশটির মোট বাণিজ্যের পরিমাণ রেকর্ড ৭৭ হাজার কোটি ডলারে পৌঁছেছে। গতকাল এ তথ্য জানায় দেশটির পরিসংখ্যান কার্যালয়। খবর নিক্কেই এশিয়া।
ভিয়েতনামে এ সময় মোট রফতানির পরিমাণ ছিল ৩৭ হাজার ৫০০ কোটি ডলার। এর মধ্যে সবচেয়ে বড় অবদান রেখেছে ইলেকট্রনিকস পণ্য। প্রথম আট মাসে এসব পণ্যের রফতানি হয়েছে ১০ হাজার ১০০ কোটি ডলারের।
বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির প্রসারের কারণে ডেটা সেন্টার ও সংশ্লিষ্ট পণ্যের বৈশ্বিক চাহিদা বাড়ছে। একই সঙ্গে চীন থেকে উৎপাদন সরিয়ে নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানও ভিয়েতনামে কারখানা স্থাপন করছে। এতে দেশটির রফতানি আরো বাড়ছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্য উদ্বৃত্ত ছিল ১১ হাজার ৪০০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের আদমশুমারি বিভাগের তথ্য অনুযায়ী, এ সময় বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্য উদ্বৃত্ত ছিল সবচেয়ে বেশি।
ভিয়েতনামের রফতানিতে বিদেশী প্রতিষ্ঠানগুলোর হিস্যাও বাড়ছে। প্রথম আট মাসে এসব প্রতিষ্ঠানের রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৯ শতাংশ বেড়েছে। একই সময় স্থানীয় প্রতিষ্ঠানগুলোর রফতানি বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ।
রফতানি বাড়লেও বছরের প্রথম আট মাসে বাণিজ্য ঘাটতি হয়েছে ভিয়েতনামের। এ সময় দেশটি রফতানির চেয়ে ২ হাজার ৫০ কোটি ডলারের বেশি পণ্য আমদানি করেছে।
চীন এখনো ভিয়েতনামের উৎপাদন খাতের প্রধান কাঁচামাল সরবরাহকারী। জানুয়ারি-আগস্ট সময়ে দেশটির মোট আমদানির মধ্যে চীন থেকেই এসেছে ১৬ হাজার ২০০ কোটি ডলারের পণ্য।