বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সরাসরি আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল ক্রয়ের প্রক্রিয়া চালাচ্ছে সরকার, এ বিষয়ে আর্জেন্টিনার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন বাণিজমন্ত্রী টিপু মুনশি। গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় সফররত আর্জেন্টিনার ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার সান্তিয়াগো ক্যাফিয়েরোর সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। পরে উভয় দেশের মন্ত্রী পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব আরো জোরদার এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করার লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই করেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আর্জেন্টিনা বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং বিশ্বের প্রধান খাদ্য উৎপাদনকারী দেশগুলোর অন্যতম। বাংলাদেশ আর্জেন্টিনা থেকে প্রতি বছর বিপুল পরিমাণ সয়াবিন তেল ও চিনি আমদানি করে থাকে। আর্জেন্টিনা বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে কারখানা স্থাপন করে ভোজ্যতেল বাজারজাত করলে তুলনামূলক কম মূলে তা সরবরাহ করা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার ট্যাক্সসহ বিভিন্ন ধরনের আকর্ষনীয় সুযোগ-সুবিধা প্রদান করছে। বাংলাদেশ প্রায় ১৭ কোটি মানুষের বড় বাজার, এখানে পণ্য উৎপাদন করে পার্শ্ববর্তী দেশগুলোতেও রফতানি করা সম্ভব।’ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মার্কোসুর গ্রুপের সদস্য দেশ হিসেবে আর্জেন্টিনা খুবই গুরুত্বপূর্ণ। এ বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি অনেক বাড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশ এ সুযোগকে কাজে লাগাতে চায়। উভয় দেশের বর্তমান বাণিজ্যের পরিমাণ ৮০ কোটি ১০ লাখ মার্কিন ডলার মূল্যের। গত অর্থবছরে বাংলাদেশ প্রায় ১ কোটি ডলার মূল্যের পণ্য রফতানি করেছে, একই সময়ে আমদানি করেছে ৭৯ কোটি ১০ লাখ ডলার মূল্যের পণ্য।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ সরকার দেশের সীমিত আয়ের এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে প্রতি মাসে ভোজ্যতেল ও চিনিসহ কয়েকটি পণ্য দিচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সরাসরি আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল ক্রয়ের প্রক্রিয়া চালাচ্ছে, এ বিষয়ে আর্জেন্টিনা বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।’
আর্জেন্টিনার ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার বলেন, ‘বাণিজ্য ক্ষেত্রে আর্জেন্টিনা বাংলাদেশকে অনেক গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশ সয়াবিন তেল, গমের পাশাপাশি সানফ্লাওয়ার ভোজ্য তেলও আমদানি করতে পারে। বাংলাদেশের মেডিকেল পণ্যের বেশ সুনাম আছে। বাংলাদেশে রফতানিমুখী শিল্পে আর্জেন্টিনা বিনিয়োগ করতে আগ্রহী। আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির সুযোগ রয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সঞ্চালনায় এমওইউ সই অনুষ্ঠানে সফররত আর্জেন্টিনার ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টারের ডেলিগেশনের সদস্যরা, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান।