বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমাম আবু সাঈদ

বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি বিভাগে নির্বাহী পরিচালক (গবেষণা) হিসেবে পদোন্নতি পেয়েছেন ড. ইমাম আবু সাঈদ।

কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ড. ইমাম আবু সাঈদ এর আগে মনিটারি পলিসি বিভাগ এবং প্রধান অর্থনীতিবিদ ইউনিটের নীতিসহায়তা শাখায় দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে সাময়িকীর সম্পাদক এবং গবেষণা বিভাগের বিভিন্ন শাখায় কাজ করেছেন।

ড. সাঈদ ১৯৯৪ সালে কেন্দ্রীয় ব্যাংকে সহকারী পরিচালক (গবেষণা) হিসেবে কর্মজীবন শুরু করেন। এর আগে ১৯৯৩ সালে বিসিএস প্রশিক্ষণ শেষে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সহকারী পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।

কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি নিজ অর্থায়নে অর্থনীতিতে পিএইচডির কোর্সওয়ার্ক সম্পন্ন করেন। একই সময়ে ব্যাংকিং, অর্থায়ন ও হিসাববিজ্ঞানে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের মুডি’সের অধীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কানাডিয়ান সিকিউরিটিজ ইনস্টিটিউটে (সিএসআই) অধ্যয়ন করেন।

অর্থনীতিবিদ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সাময়িকীতে ড. সাঈদের অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। দেশের মুদ্রানীতি প্রণয়ন ও জাতীয় বাজেট প্রক্রিয়ায় কাজের অভিজ্ঞতার পাশাপাশি গবেষণা অর্থনীতিবিদ হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংকের স্বর্ণপদক অর্জন করেছেন তিনি।

ড. ইমাম আবু সাঈদ ‘বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ও জাতীয় আর্থিক লেনদেন’ শীর্ষক গ্রন্থের লেখক। এ বইয়ে তিনি বেইজিয়ান ভেক্টর অটো-রিগ্রেশন (বেইজিয়ান ভিএআর) পদ্ধতিসহ আধুনিক অর্থনৈতিক বিশ্লেষণ ব্যবহার করেছেন। এছাড়া তিনি আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এএএ) আজীবন সদস্য।

আরও