শিক্ষার্থীদের ইআরপি ব্যবহারে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও কর্মজীবনের জন্য উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সঙ্গে সমঝোতা চুক্তি সাক্ষর করেছে বিশ্বের অন্যতম শীর্ষ ওপেন সোর্স ইআরপি সফটওয়্যার প্রতিষ্ঠান ওডু ।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর উত্তরায় আইইউবিএটি ক্যাম্পাসে এ চুক্তি সাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সহযোগিতা করেছে দেশে ওডুর সিলভার পার্টনার মেটামরফোসিস লিমিটেড। চুক্তির ফলে শিক্ষার্থীরা পাঠ্যক্রমের পাশাপাশি ইআরপি সফটওয়্যার ও ব্যবসা ব্যবস্থাপনা টুলস ব্যবহার শেখার সুযোগ পাবেন। এতে তাদের পেশাগত দক্ষতা বাড়বে।
সমঝোতা স্মারকে আইইউবিএটির পক্ষ থেকে স্বাক্ষর করেন স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন মোজাফফর আলম চৌধুরী। সঙ্গে ছিলেন অনুষদের কোঅর্ডিনেটর ড. হাসানুজ্জামান তুষার। অনুষ্ঠানে ওডু মিডল ইস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের প্রধান কেভিন ফারাহ এবং এডুকেশন কনসালট্যান্ট সাহার দাহশা।
মেটামরফোসিস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিওও সাদিক এম আলম ও বিজনেস কমিউনিকেশন ম্যানেজার মো. আলিমুজ্জামান নয়ন।
দিনব্যাপী এ আয়োজনে শুরুতে প্রতিনিধিদল আইইউবিএটির কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এরপর তারা ক্যাম্পাস ঘুরে দেখেন ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
চুক্তি স্বাক্ষরের পর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সমঝোতার আওতায় পাঠ্যক্রমে ওডুর সফটওয়্যার যুক্ত করা হবে। এতে শিক্ষার্থীরা হাতে-কলমে আধুনিক প্রযুক্তির ব্যবহার শেখার সুযোগ পাবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে কাজের সুযোগ আরো বাড়বে।
—বিজ্ঞপ্তি