সোনারগাঁও ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী অ্যালামনাইদের সম্মাননা দিতে ‘ওরিয়েন্টেশন ও প্রাক্তন কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কৃতিত্ব অর্জনকারীদের মধ্য থেকে ২৭ জন অ্যালামনাইকে সম্মাননা দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন; সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা এবং উপদেষ্টা আজিজুল বারী (শীপু) ও মীর আবদুল আলিম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামিম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক বুলবুল আহমেদ, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নৃত্য, সংগীতসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।