মতবিনিময় সভায় বিটিএমএ

বন্ড সুবিধার পরিবর্তে ১০-৩০ কাউন্টের কটন সুতা ব্যাংক গ্যারান্টিতে আমদানির সুযোগ বহাল রাখা হোক

সভায় অংশগ্রহণকারী সদস্যরা বলেন, সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রাইমারি টেক্সটাইল মিলগুলোয় উৎপাদন কার্যক্রম পরিচালনায় ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিনের জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারের উদ্যোগে এ উন্নতি শিল্পের উৎপাদন, কর্মসংস্থান এবং রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতিতে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। একইসঙ্গে প্রাইমারি টেক্সটাইল শিল্পের স্বার্থে ১০–৩০ কাউন্টের কটন সুতা বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির বিদ্যমান সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

রাজধানীর গুলশান ক্লাবে গতকাল বিটিএমএর সদস্য, পরিচালনা পর্ষদের সদস্য এবং সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের অংশগ্রহণে প্রাইমারি টেক্সটাইল খাতের বিদ্যমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল।

অংশগ্রহণকারী সদস্যরা বলেন, সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রাইমারি টেক্সটাইল মিলগুলোয় উৎপাদন কার্যক্রম পরিচালনায় ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিনের জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারের উদ্যোগে এ উন্নতি শিল্পের উৎপাদন, কর্মসংস্থান এবং রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় বক্তব্য দেন বিটিএমএর সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক পরিচালক মো. ফজলুল হক বাবু, তায়াবুল হক, পরিচালক শাহিদ আলম, খোরশেদ আলম, মো. বাদশা মিয়া এবং বিটিএমএর সহ-সভাপতি ও জাতীয় সংসদের শিল্প বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম।

মো. আবুল কালাম বলেন, সরকার গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। জ্বালানি সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা উল্লেখ করে তিনি বলেন, এর স্থায়ী সমাধানে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে কার্যক্রম গ্রহণ করছে।

তিনি দেশের প্রাইমারি টেক্সটাইল শিল্পের স্বার্থে ১০-৩০ কাউন্টের কটন সুতা বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির বিদ্যমান সুযোগ বহাল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় প্রাইমারি টেক্সটাইল শিল্পের বর্তমান পরিস্থিতি, উৎপাদন ব্যয়, জ্বালানি সরবরাহ, আমদানি-রফতানি, বন্ড সুবিধা, ব্যাংকিং ব্যবস্থা এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা থেকে সরকারের বিবেচনার জন্য চারটি বিষয় তুলে ধরা হয়। এগুলো হলো—দেশের প্রাইমারি টেক্সটাইল শিল্প ও অর্থনীতির স্বার্থে ১০-৩০ কাউন্টের কটন সুতা বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির সুযোগ বহাল রাখা; বন্ড সুবিধার অপব্যবহার বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া; গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সাম্প্রতিক উন্নতির জন্য সরকারকে ধন্যবাদ জানানো এবং প্রাইমারি টেক্সটাইল শিল্পের জন্য ঋণ পুনঃতফসিলীকরণ, পুনঃঅর্থায়ন ও পুনর্গঠন প্রক্রিয়া সহজ করা।

সভাপতির বক্তব্যে শওকত আজিজ রাসেল বলেন, জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করা গেলে প্রাইমারি টেক্সটাইল শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান রক্ষা এবং তৈরি পোশাক শিল্পের কাঁচামালের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থ, শিল্পের সক্ষমতা এবং রাজস্ব সুরক্ষাকে সমন্বয় করে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে বন্ড ব্যবস্থার অপব্যবহার প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বৈধ ও নিয়মিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসা পরিচালনার পরিবেশ আরো সহজ ও প্রতিযোগিতামূলক করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও