চীনে গত মাসে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রির রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা কোম্পানি টেসলা। ইলোন মাস্কের মালিকানাধীন কোম্পানিটি জানিয়েছে, দেশটিতে আগস্টে তারা ৬৩ হাজারেরও বেশি ইভি বিক্রি করেছে, যা জুলাইয়ের তুলনায় ৩৭ শতাংশ বেশি। খবর রয়টার্স।
তবে আগের মাসের তুলনায় ইভি বিক্রি বাড়লেও গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। গত বছরের আগস্টে চীনে টেসলার ইভি বিক্রির পরিমাণ ছিল ৬৪ হাজার ৬৯৪টি। চীনের ছোট শহরগুলোয় টেসলা এ সময় সবচেয়ে বেশি ইভি বিক্রি করেছে।
চীনে বিক্রি বাড়লেও আগস্টে চীনের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর তুলনায় টেসলার ইভি বিক্রি কমেছে। বিশ্বের শীর্ষস্থানীয় ইভি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি জানিয়েছে, আগস্টে চীনে এটির গাড়ি বিক্রি ৩৫ শতাংশ বেড়ে ৩ লাখ ৭০ হাজার ৮৫৪টিতে দাঁড়িয়েছে। একই সময়ে চীনের স্থানীয় ইভি কোম্পানি লিপমোটর ও লি অটোর বিক্রিও বেড়েছে।
অন্যান্য অটোমেকার প্রতিষ্ঠানের মতো চীনে মূল্যযুদ্ধ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতির কারণে টেসলা ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরের প্রথমার্ধে কোম্পানিটির ইভি বিক্রি ৫ শতাংশ কমেছে। যদিও সাম্প্রতিক কিছু পদক্ষেপের কারণে তা আবার বাড়তে শুরু করেছে। এ পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য হলো ক্রেতাদের জন্য টেসলার পাঁচ বছরের জন্য বিনা সুদে ঋণ প্রদান। এছাড়া সম্প্রতি কিছু স্থানীয় সরকার টেসলার গাড়িকে সরকারি কাজে ব্যবহারের অনুমোদন দিয়েছে। অন্যদিকে আগে নিষিদ্ধ থাকলেও টেসলার গাড়িগুলোকে কিছু সরকারি কম্পাউন্ডে প্রবেশের অনুমতিও দেয়া হয়েছে।
চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, আগস্টে চীনে টেসলার ইভি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেড়ে ৮৬ হাজার ৬৯৭টিতে পৌঁছেছে। জুলাইয়ের তুলনায় চীনে তৈরি টেসলার মডেল ৩ ও মডেল ওয়াই গাড়ি সরবরাহ ১৭ শতাংশ বেড়েছে। প্রসঙ্গত, আগামী বছরের শেষ নাগাদ চীনে মডেল ওয়াইয়ের ছয় আসনবিশিষ্ট গাড়ি তৈরির পরিকল্পনা করছে টেসলা।